মালয়েশিয়াজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সাঁড়াশি অভিযান চালাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ। এরই অংশ হিসেবে ২২ নভেম্বর পৃথক দুটি অভিযানে ৪১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ ও অভিবাসন বিভাগ।
জানা যায়, কেদাহ রাজ্যের একটি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে ৩৮ বাংলাদেশিসহ ৫২ জন বিদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন। এ অভিযানে ৬৪ জনকে তল্লাশি করা হয়। তাদের অধিকাংশের বৈধ ভ্রমণ নথি বা কাজের অনুমতিপত্র ছিল না। আবার কয়েকজন অন্য প্রতিষ্ঠানের নামে ইস্যু করা ওয়ার্ক পারমিট ব্যবহার করে কাজ করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে, কেলান্তান রাজ্যের জেলি এলাকায় তল্লাশিচৌকিতে তিন বাংলাদেশিকে বহনকারী একটি লরি আটক করে পুলিশ। ওই তিন বাংলাদেশির ভিজিট পাসের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তারা তিন বছরের বেশি সময় ধরে মালয়েশিয়ায় বসবাস ও বিভিন্ন খাতে কাজ করার কথা স্বীকার করেছেন। লরিচালকের মাদক পরীক্ষায়ও পজিটিভ ফল পাওয়া গেছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দুই ঘটনায় আটক বাংলাদেশিদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেমন আইন অনুযায়ী তদন্ত চলছে। বৈধ ভিসা, কাজের অনুমতি এবং নির্ধারিত নিয়োগকর্তার বাইরে কাজ করার ঝুঁকি নিয়ে আবারো সতর্ক হওয়ার বার্তা দিচ্ছে এসব ঘটনা।
উল্লেখ্য, এর আগে গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়াজুড়ে ৩৪টি কারখানায় একযোগে বিশেষ অভিযান চালায় অভিবাসন বিভাগ। ৫৬৯ জন কর্মকর্তার অংশগ্রহণে পরিচালিত ওই তিন দিনের অভিযানে ১ হাজার ৭০২ জনের কাগজপত্র যাচাই শেষে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকার একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানা থেকেই ১৩১ জনের নথি যাচাই করে ৭১ জন বিদেশি কর্মীকে আটক করা হয়।
logo-1-1740906910.png)