Logo
×

Follow Us

বিশ্ব

বৃত্তি-গবেষণা অনুদানের অর্থেও মিলবে কানাডার অভিবাসন পয়েন্ট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৮:১৪

বৃত্তি-গবেষণা অনুদানের অর্থেও মিলবে কানাডার অভিবাসন পয়েন্ট

কানাডায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রভাষকদের স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়ায় নতুন সুবিধা যুক্ত হয়েছে। এখন থেকে কানাডার কোনো প্রতিষ্ঠানের দেয়া বৃত্তি, গবেষণা অনুদান, ফেলোশিপ বা স্টাইপেন্ডের বিনিময়ে করা নির্দিষ্ট কাজের অভিজ্ঞতাও এক্সপ্রেস এন্ট্রি ব্যবস্থায় কর্ম-অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হতে পারে। নতুন এ নিয়ম কার্যকর হয়েছে ১৭ নভেম্বর ২০২৬ থেকে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) ১৮ নভেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ পরিবর্তনের কথা জানায়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও প্রভাষকদের জন্য নির্ধারিত জাতীয় পেশাগত শ্রেণিবিন্যাসের (এনওসি) ৪১২০০ কোডের আওতাভুক্ত কাজের ক্ষেত্রে কানাডীয় প্রতিষ্ঠানের অর্থায়নে পাওয়া স্টাইপেন্ড, অনুদান, বৃত্তি বা অন্যান্য আর্থিক সহায়তাকে কর্ম-অভিজ্ঞতার অংশ হিসেবে বিবেচনা করা হবে।

নতুন নিয়মের ফলে যোগ্য অধ্যাপক ও প্রভাষকদের কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতা কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস এবং ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রামের শর্ত পূরণে কাজে আসতে পারে। একই সাথে নির্ধারিত যোগ্যতা পূরণ করলে তাদের কমপ্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (সিআরএস) পয়েন্ট পাওয়ার সুযোগও তৈরি হবে।

আইআরসিসি জানিয়েছে, যাদের এ ধরনের যোগ্য কর্ম-অভিজ্ঞতা রয়েছে, তাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে সংশ্লিষ্ট তথ্য হালনাগাদ করা উচিত। তবে শুধু বৃত্তি বা অনুদান পেলেই অভিবাসনের যোগ্যতা তৈরি হবে না; কাজের ধরন, পেশাগত শ্রেণি এবং অন্যান্য কর্মসূচির শর্তও পূরণ করতে হবে।

অন্যদিকে, নতুন পরিবর্তনে পোস্ট-সেকেন্ডারি পর্যায়ের শিক্ষকতা ও গবেষণা সহকারীদের (এনওসি ৪১২০১) অভিজ্ঞতা ‘রিসার্চার্স উইথ কানাডিয়ান ওয়ার্ক এক্সপেরিয়েন্স’ ক্যাটাগরিতে আর গ্রহণযোগ্য হবে না। ফলে এ সুবিধা মূলত বিশ্ববিদ্যালয় পর্যায়ের অধ্যাপক, প্রভাষক ও নির্দিষ্ট গবেষণা পেশার সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে নেয়া হয়েছে।

কানাডা আন্তর্জাতিক গবেষক ও উচ্চশিক্ষিত পেশাজীবীদের আকৃষ্ট করার উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন এনেছে। দেশটির অভিবাসন কর্তৃপক্ষের মতে, গবেষণা ও উদ্ভাবন খাতে দক্ষ জনবল ধরে রাখতে গবেষকদের বাস্তব পারিশ্রমিক কাঠামোর সাথে অভিবাসননীতির সামঞ্জস্য তৈরি করা প্রয়োজন।

বাংলাদেশি শিক্ষাবিদ ও গবেষকদের জন্য বিষয়টি প্রাসঙ্গিক হলেও এ সুবিধা মূলত কানাডায় অর্জিত নির্দিষ্ট কর্ম-অভিজ্ঞতা এবং কানাডীয় প্রতিষ্ঠানের অর্থায়নের সাথে সম্পর্কিত। তাই বিদেশে অবস্থানরত কোনো গবেষক শুধু নিজ দেশে বৃত্তি বা গবেষণা অনুদান পাওয়ার ভিত্তিতে এ সুবিধা পাবেন— এমনটি ধরে নেয়া ঠিক হবে না।

Logo