Logo
×

Follow Us

বিশ্ব

কানাডায় বসবাসরত ২ লাখ অভিবাসীর স্থায়ী হওয়ার সুযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৭:৪৩

কানাডায় বসবাসরত ২ লাখ অভিবাসীর স্থায়ী হওয়ার সুযোগ

কানাডায় আগে থেকেই বসবাস করছেন এমন সর্বোচ্চ ২ লাখ মানুষকে স্থায়ী বাসিন্দার (পিআর) মর্যাদা দেয়ার জন্য সময়সীমাবদ্ধ বিশেষ উদ্যোগ নেয়ার পরিকল্পনা করছে দেশটির সরকার। এই কর্মসূচির মাধ্যমে দেশটিতে কর্মরত ও বিভিন্ন খাতে অবদান রাখা অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হবে। তবে এর আওতায় নতুন করে ২ লাখ মানুষ কানাডায় প্রবেশ করবেন না। বরং বর্তমানে দেশটিতে অবস্থানরত ব্যক্তিদের অভিবাসন-সংক্রান্ত মর্যাদা পরিবর্তনের উদ্যোগ নেয়া হচ্ছে।

কানাডা সরকারের ব্যাখ্যা অনুযায়ী, এই উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো দেশটির অর্থনীতি ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কর্মীদের ধরে রাখা। বিশেষ করে যারা ইতিমধ্যে স্থায়ী বসবাসের জন্য আবেদন করেছেন এবং সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন, তারাও সম্ভাব্য সুবিধাভোগীদের মধ্যে থাকতে পারেন।

শ্রমবাজারের চাহিদা মেটাতে ১ লাখ কর্মীকে অগ্রাধিকার

পরিকল্পনার আওতায় সর্বোচ্চ ১ লাখ কর্মীকে স্থায়ী বাসিন্দার মর্যাদায় রূপান্তরের একটি পৃথক ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এ উদ্যোগের পেছনে প্রদেশ, অঞ্চল ও বিভিন্ন অংশীজনের পক্ষ থেকে দক্ষ ও প্রয়োজনীয় কর্মীদের ধরে রাখার দাবি রয়েছে।

নার্সিং, প্রারম্ভিক শিশু শিক্ষা, কৃষিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে কর্মীসংকট মোকাবিলায় এসব কর্মীর অবদান বিবেচনা করা হবে। কোন অঞ্চলে কোন ধরনের কর্মীর প্রয়োজন বেশি, তা নির্ধারণে প্রাদেশিক ও আঞ্চলিক সরকারগুলো ভূমিকা রাখবে। নিজেদের শ্রমবাজারের চাহিদা ও অর্থনৈতিক অগ্রাধিকারের ভিত্তিতে তারা এই অতিরিক্ত সুযোগ কতটা ব্যবহার করবে, সে সিদ্ধান্তও নিতে পারবে।

কানাডা সরকারের মতে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখা এবং গুরুত্বপূর্ণ সেবা খাতগুলোতে কর্মীসংকট কমাতে ইতোমধ্যে কর্মরত অভিবাসীদের স্থায়ী হওয়ার সুযোগ দেয়া গুরুত্বপূর্ণ।

নতুন অভিবাসী প্রবেশ কমিয়েছে কানাডা

দেশটির সরকার জানিয়েছে, অতিরিক্ত অভিবাসীর কারণে আবাসন, অবকাঠামো এবং সরকারি সেবার ওপর চাপ তৈরি হতে পারে। এ কারণে নতুন অভিবাসী প্রবেশের সংখ্যা কমাতে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

সরকারের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর আগমন ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৭১ শতাংশ কমেছে। একই সময়ে নতুন বিদেশি কর্মীর আগমন কমেছে ৫৭ শতাংশ এবং নতুন আশ্রয় আবেদনের সংখ্যা কমেছে ৬৮ শতাংশ।

অর্থাৎ, কানাডা একদিকে নতুন অভিবাসীর প্রবেশ নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে দেশটিতে আগে থেকেই বসবাসরত এবং অর্থনীতিতে অবদান রাখা মানুষদের স্থায়ীভাবে ধরে রাখার পরিকল্পনা করছে।

বাড়ি ভাড়ার চাপ কমার দাবি সরকারের

কানাডার সরকারের বক্তব্যে অভিবাসন নিয়ন্ত্রণের ফলে আবাসন খাতেও ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। টিডি ব্যাংকের সাম্প্রতিক এক অর্থনৈতিক প্রতিবেদনের বরাত দিয়ে সরকার জানিয়েছে, অভিবাসনের লক্ষ্যমাত্রা কমানোর ফলে আবাসন ও সামাজিক অবকাঠামোর ওপর চাপ কিছুটা কমেছে।

বিশেষ করে বাড়ি কেনার বাজার এবং ভাড়া বাসার চাহিদায় পরিবর্তন এসেছে। কানাডায় ভাড়ার মূল্য ২০২৪ সালের মে মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে ৯ দশমিক ২ শতাংশ কমেছে বলে সরকারের প্রকাশিত তথ্যে উল্লেখ করা হয়েছে।

সরকারের ধারণা, নতুন পরিকল্পনাটি আবাসন বা সামাজিক সেবার ওপর উল্লেখযোগ্য অতিরিক্ত চাপ তৈরি করবে না। কারণ, সুবিধাভোগীরা ইতোমধ্যে কানাডায় বসবাস করছেন, কাজ করছেন এবং দেশটির বিভিন্ন সরকারি ও সামাজিক সেবা ব্যবহার করছেন।

অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য আনতে নতুন উদ্যোগ

কানাডা সরকার বলছে, পরিবর্তিত অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে অভিবাস নব্যবস্থা পরিচালনা করা প্রয়োজন। একই সাথে অভিবাসী, নিয়োগকর্তা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য আরো স্থিতিশীল এবং পূর্বানুমানযোগ্য পরিবেশ নিশ্চিত করাও সরকারের লক্ষ্য।

এই উদ্যোগ দেশটির বৃহত্তর অভিবাসন নীতির পুনর্বিন্যাসের অংশ। এর মধ্যে অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানো এবং বিভিন্ন শ্রেণির অভিবাসন আবেদনের নিষ্পত্তির সময় উন্নত করার পরিকল্পনাও রয়েছে।

তবে ২ লাখ মানুষের স্থায়ী বাসিন্দা হওয়ার এই সম্ভাব্য সুযোগ সবার জন্য উন্মুক্ত কোনো সাধারণ কর্মসূচি নয়। কারা যোগ্য হবেন, কীভাবে আবেদন করতে হবে এবং কোন শর্তে স্থায়ী বাসিন্দার মর্যাদা দেয়া হবে; এসব বিষয়ে সরকারের বিস্তারিত নির্দেশনা অনুসরণ করতে হবে।

বাংলাদেশি অভিবাসীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইতোমধ্যে কানাডায় কর্মরত রয়েছেন কিংবা স্থায়ী বসবাসের আবেদনের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, তাদের সরকারি ঘোষণা ও যোগ্যতার শর্তের ওপর নজর রাখা প্রয়োজন। তবে কানাডার বাইরে থেকে নতুন করে যেতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য এই উদ্যোগ সরাসরি নতুন অভিবাসন কোটা বা প্রবেশের সুযোগ তৈরি করছে না।

Logo