প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো
ব্রিটেনে ইমিগ্রেশন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ আরো এক ধাপ এগিয়েছে। দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল পাস হয়েছে। ২৯০-৯৪ ভোটে পাস হওয়া বিলটি এখন উচ্চকক্ষ হাউস অব লর্ডসে যাবে।
নতুন প্রস্তাব অনুযায়ী, যেসব অভিবাসীর আশ্রয় বা অভিবাসন আবেদন প্রত্যাখ্যাত হবে এবং আপিলের সুযোগ শেষ হবে, তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সহজ করা হবে। বর্তমানে ফেরত পাঠানোর আগে পাঁচ কর্মদিবসের নোটিশ দিতে হয়। নতুন নিয়মে এই বাধ্যবাধকতা তুলে দিয়ে ছয় মাসের মধ্যে যে কোনো সময় তাদের ফেরত পাঠানোর সুযোগ রাখা হচ্ছে।
এছাড়া মানব পাচার ও আধুনিক দাসত্বের শিকার হওয়ার দাবি নিয়েও কঠোরতা আসছে। কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা দাবি করলে সুরক্ষা হারাতে পারেন। আশ্রয়প্রার্থীদের আর্থিক সামর্থ্য থাকলে সরকারি আবাসন ও সহায়তার খরচও বহন করতে হতে পারে।
তবে বিলটি এখনো চূড়ান্ত আইন হয়নি। হাউস অব লর্ডসে পর্যালোচনার পর পরবর্তী সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ প্রসঙ্গে ব্রিটেনের রিফিউজি কাউন্সিল সম্প্রতি সোশ্যাল মিডিয়া এক্স-এ জানায়, শরণার্থীরা বিপদ থেকে পালানোর সময় আশ্রয় দেশগুলোর তুলনা করে না এবং তারা পারিবারিক বন্ধন, এবং ইংরেজির দক্ষতার কারণে যুক্তরাজ্যে আসেন। যা তাদের নিরাপদে নতুন করে শুরু করতে সাহায্য করে।
ব্রিটেনের নতুন পদক্ষেপগুলো ডেনমার্কের অভিবাসন নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংস্কারগুলো কেবল ডেনমার্ক নয়, বরং ইউরোপীয় দেশগুলো থেকেও নেয়া হবে। আইনে শরণার্থীর অস্থায়ী মর্যাদা এবং সহায়তা শর্তসাপেক্ষ থাকবে। কিছুক্ষেত্রে আইনগুলো ইউরোপীয় ফ্রেমওয়ার্ক ছাড়িয়ে যাবে।
ডেনমার্ক সরকার অভিবাসীদের ২ বছরের জন্য অস্থায়ী বসবাসের অনুমতি দেয় এবং মেয়াদ শেষ হলে তাদের পুনরায় আবেদন করতে হয়। যদি ডেনিশ সরকার তাদের নিজ দেশকে নিরাপদ বলে মনে করে, তবে আশ্রয়প্রার্থীদের দেশে ফেরত পাঠাতে পারে। ডেনিশ নাগরিকত্বের পথও দীর্ঘ এবং কঠিন করা হয়েছে। পাশাপাশি পরিবার একত্রীকরণের জন্য কঠোর নিয়ম করা হয়েছে।
২০১৬ সালে ডেনিশ কর্তৃপক্ষকে আশ্রয়প্রার্থীদের খরচ মেটানোর জন্য তাদের মূল্যবান জিনিসপত্র জব্দ করার অনুমতি দেয়া হয়।
ব্রিটেন সরকার নির্দিষ্ট ব্যক্তিদের আশ্রয় দেয়, যারা প্রমাণ করতে পারে তারা নিজ দেশে নিরাপদ নন। যেসব অভিবাসী নিপীড়নের ঝুঁকিতে রয়েছেন, তাদের শরণার্থীর মর্যাদা দেয়া হয়। এই মর্যাদা ৫ বছরের জন্য স্থায়ী হয়। পরবর্তীতে নির্দিষ্ট মানদণ্ড পূরণ করলে স্থায়ী বসবাসের জন্য আবেদন করতে পারে অভিবাসীরা।
তবে ডেনমার্ক এক দশকের বেশি সময় ধরে কঠোর অভিবাসন নীতির জন্য পরিচিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আশ্রয়প্রতাশীর সংখ্যা ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নামিয়ে আনা হয়েছে এবং প্রত্যাখ্যাত আবেদনকারীদের ৯৫ শতাংশকে অপসারণ করা হয়েছে।
২০২৫ সালের শুরুতে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ডেনমার্কে ভ্রমণ করেন। পরিদর্শনকালে তারা ডেনমার্ক সরকারের আশ্রয়প্রার্থীদের ওপর আইন পর্যালোচনা করেন।
logo-1-1740906910.png)