Logo
×

Follow Us

বিশ্ব

পর্তুগালের ভিসা আবেদনে নতুন নিয়ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:০২

পর্তুগালের ভিসা আবেদনে নতুন নিয়ম

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

ইউরোপের দেশ পর্তুগালে ভিসা আবেদনের প্রক্রিয়ায় বিশেষ পরিবর্তন এনেছে দেশটির লন্ডনস্থ কনস্যুলেট। নতুন ব্যবস্থায় নির্দিষ্ট পাঁচ শ্রেণির আবেদনকারী আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসার আবেদন জমা দিতে পারবেন। ২০২৬ সালের নভেম্বর থেকে এ সুবিধা চালু হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত ভিএফএস গ্লোবাল ভিসা আবেদনকেন্দ্রে আবেদন গ্রহণ করা হচ্ছে।

পর্তুগালের লন্ডনস্থ কনস্যুলেট জানিয়েছে, নির্দিষ্ট কিছু আবেদনকারীর ভোগান্তি কমানো এবং ভিসা আবেদন জমা দেয়ার প্রক্রিয়া সহজ করতে সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে ওয়াক-ইন সেবা চালু করা হয়েছে। তবে এ সুবিধা সবার জন্য উন্মুক্ত নয়। নির্ধারিত পাঁচটি শ্রেণির আবেদনকারীই কেবল এ সুযোগ পাবেন।

যারা পাবেন অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আবেদনের সুযোগ

নতুন নিয়মে প্রথমত, পর্তুগালের নাগরিকদের পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন। দ্বিতীয়ত, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নাগরিকদের পরিবারের সদস্যরা, যারা সংশ্লিষ্ট ইউরোপীয় বিধান ২০০৪/৩৮/ইসি-এর আওতাভুক্ত, তারাও আবেদন জমা দিতে পারবেন।

তৃতীয় শ্রেণিতে রয়েছেন পারিবারিক পুনর্মিলন ভিসার আবেদনকারীরা। তবে এ ক্ষেত্রে পর্তুগালের অভিবাসন কর্তৃপক্ষ এআইএমএ (AIMA) থেকে পারিবারিক পুনর্মিলনের অনুমোদনসংক্রান্ত নোটিশ থাকতে হবে।

চতুর্থ শ্রেণিতে রয়েছেন উচ্চশিক্ষার শিক্ষার্থীরা। স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট ও পোস্ট-ডক্টরেট পর্যায়ে পড়াশোনার জন্য আবেদনকারীরা এ সুবিধার আওতায় থাকবেন। এর মধ্যে ইরাসমাস প্লাস (Erasmus+) কর্মসূচির শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত।

পঞ্চম শ্রেণিতে রয়েছেন স্বল্পমেয়াদি শেনজেন ভিসার আবেদনকারীরা। তবে তাদের আগে অন্তত তিনটি শেনজেন ভিসা পাওয়ার প্রমাণ দেখাতে হবে।

আবেদনের দিন ও সময়

কনস্যুলেটের ঘোষণা অনুযায়ী, প্রতি বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লন্ডনের ভিএফএস গ্লোবাল ভিসা আবেদনকেন্দ্রে সরাসরি আবেদন জমা দেয়া যাবে। তবে সরকারি ছুটির দিন এ সেবা বন্ধ থাকবে। একই সাথে আবেদন গ্রহণের বিষয়টি কেন্দ্রের সেবাদানের সক্ষমতার ওপর নির্ভর করবে।

এটি প্রতিদিনের ওয়াক-ইন সেবা নয়। কনস্যুলেটের নির্ধারিত তারিখ ও নির্দেশনা অনুসরণ করেই আবেদন জমা দিতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার পাশাপাশি কেন্দ্রের কর্মীদের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

শেনজেন ভিসার ক্ষেত্রে বিশেষ সতর্কতা

নতুন ব্যবস্থায় তিনটি বা তার বেশি শেনজেন ভিসা থাকার শর্ত পূরণ করে যারা আবেদন করবেন, তাদের জন্য এটি কেবল স্বল্পমেয়াদি ভ্রমণ ভিসার আবেদন জমা দেয়ার সুযোগ। এ ভিসা পর্তুগাল কিংবা অন্য কোনো শেনজেনভুক্ত দেশে দীর্ঘমেয়াদে বসবাসের অনুমতি দেয় না। অনুমোদিত অবস্থানের মেয়াদ শেষ হওয়ার আগেই আবেদনকারীকে শেনজেন এলাকা ত্যাগ করতে হবে।

কনস্যুলেট আরো জানিয়েছে, আবেদনকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া নিজস্বভাবে সিরিয়াল বা টোকেন ব্যবস্থা চালু করা যাবে না। বিশৃঙ্খলা কিংবা নিরাপত্তার ঘাটতি দেখা দিলে ওয়াক-ইন সেবা বন্ধও করে দেয়া হতে পারে।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য কী অর্থ বহন করছে?

পর্তুগালের ভিসা আবেদনপ্রক্রিয়ায় এই পরিবর্তনটি মূলত লন্ডনস্থ ভিসা আবেদনকেন্দ্রের জন্য। ফলে বাংলাদেশ থেকে সরাসরি পর্তুগালের ভিসা আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিরা এ সুবিধার আওতায় পড়বেন না। যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট পাঁচটি শ্রেণির যোগ্যতা এবং লন্ডন ভিসা আবেদনকেন্দ্রের অধিক্ষেত্রের শর্ত পূরণ করতে হবে।

অর্থাৎ, পর্তুগালের ভিসা পেতে আগ্রহীদের আবেদন করার আগে নিজেদের আবেদন-শ্রেণি, অবস্থান এবং সংশ্লিষ্ট ভিসাকেন্দ্রের সর্বশেষ নির্দেশনা যাচাই করা জরুরি।

Logo