Logo
×

Follow Us

বিশ্ব

কানাডার ভিসায় জাল নথি জমা দিলেই বিপদ!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১৩:৪৪

কানাডার ভিসায় জাল নথি জমা দিলেই বিপদ!

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

কানাডায় অভিবাসন বা ভিসার আবেদনে জাল নথি, মিথ্যা তথ্য কিংবা পরিবর্তিত কাগজপত্র জমা দিলে অন্তত ৫ বছরের জন্য দেশটিতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। একই সাথে আবেদন বাতিল, অভিবাসন-সংক্রান্ত প্রতারণার স্থায়ী রেকর্ড এবং গুরুতর ক্ষেত্রে ফৌজদারি আইনে শাস্তির মুখেও পড়তে পারেন আবেদনকারীরা। এ বিষয়ে সতর্ক করেছে কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি)।

আইআরসিসির নির্দেশনা অনুযায়ী, অভিবাসন আবেদনে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দেয়া, গুরুত্বপূর্ণ তথ্য গোপন করা কিংবা ভুয়া ও পরিবর্তিত নথি জমা দেয়া ‘মিসরিপ্রেজেন্টেশন’ বা তথ্যের ভুল উপস্থাপন হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের অনিয়মের মধ্যে রয়েছে জাল পাসপোর্ট ও ভ্রমণ নথি, ভিসা, চাকরির প্রমাণপত্র, নিয়োগপত্র, শিক্ষাগত সনদ, ডিগ্রি, প্রশিক্ষণসংক্রান্ত কাগজপত্র, জন্ম ও বিবাহের সনদ এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যবহার।

শুধু আবেদনকারী নিজে নয়, তার পক্ষে কোনো প্রতিনিধি বা পরামর্শক আবেদনপত্র পূরণ করলেও জমা দেয়া তথ্যের দায় আবেদনকারীকেই নিতে হবে। ফলে কোনো এজেন্ট বা পরামর্শকের পরামর্শে ভুল তথ্য কিংবা জাল কাগজপত্র জমা দিলেও দায় এড়ানোর সুযোগ নেই বলে জানিয়েছে আইআরসিসি।

বিভাগটির সতর্কতা অনুযায়ী, আবেদনে জাল নথি বা মিথ্যা তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে। পাশাপাশি আবেদনকারীকে অন্তত পাঁচ বছরের জন্য কানাডায় প্রবেশে অযোগ্য ঘোষণা করা, আইআরসিসির কাছে প্রতারণার স্থায়ী রেকর্ড তৈরি, বিদ্যমান অভিবাসন মর্যাদা বাতিল কিংবা কানাডা থেকে বহিষ্কারের মতো ব্যবস্থাও নেয়া হতে পারে। নাগরিকত্বের আবেদনেও প্রতারণার প্রমাণ মিললে পাঁচ বছর পর্যন্ত নাগরিকত্বের জন্য আবেদন করার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে।

কানাডার অভিবাসন আইনের ১২৭ ধারায় জেনেশুনে গুরুত্বপূর্ণ তথ্য বিকৃত করা, গোপন করা কিংবা অভিবাসনপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেয়াকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। আইনের ১২৮ ধারায় এ ধরনের অপরাধের জন্য মামলার ধরন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং ১ লাখ কানাডীয় ডলার পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এদিকে অভিবাসনপ্রক্রিয়ায় প্রতারণা ও অননুমোদিত পরামর্শকের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করেছে কানাডা সরকার। গত ২৮ অক্টোবর ২০২৬ প্রকাশিত আইআরসিসির এক ঘোষণায় বলা হয়েছে, অর্থের বিনিময়ে অনুমোদন ছাড়া অভিবাসন পরামর্শ দেয়া অথবা আবেদনকারীর পক্ষে জেনেশুনে মিথ্যা তথ্য সরবরাহে সহায়তার জন্য নতুন আর্থিক জরিমানা কার্যকর হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী এসব জরিমানা বাড়তে বাড়তে সর্বোচ্চ ১৫ লাখ কানাডীয় ডলার পর্যন্ত হতে পারে।

কানাডায় পড়াশোনা, চাকরি কিংবা স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করা বিদেশিদের তাই আবেদন জমা দেয়ার আগে সব নথির সত্যতা ও তথ্যের নির্ভুলতা যাচাই করার পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বিশেষ করে কোনো এজেন্টের মাধ্যমে আবেদন করলে জমা দেয়া প্রতিটি কাগজপত্র ও তথ্য নিজে পরীক্ষা করা জরুরি। কারণ ভিসা পাওয়ার আশায় সামান্য অসতর্কতা কিংবা জাল নথির ব্যবহারও ভবিষ্যতে কানাডায় যাওয়ার পথ দীর্ঘ সময়ের জন্য বন্ধ করে দিতে পারে।

Logo