অস্ট্রেলিয়ায় ওয়ার্কিং হলিডে ভিসায় আরো বেশি বিদেশি তরুণের কাজ ও থাকার সুযোগ তৈরি হচ্ছে। তবে দ্বিতীয় বছর ও তৃতীয় মেয়াদ পাওয়ার প্রক্রিয়ায় পরিবর্তন আনছে দেশটির সরকার।
নতুন ব্যবস্থায় দ্বিতীয় ও তৃতীয় বছরের ভিসার জন্য নিবন্ধন ও আমন্ত্রণভিত্তিক পদ্ধতি চালু হবে। পাশাপাশি তৃতীয় বছরের ভিসার সুযোগ ৫ হাজারে সীমিত রাখার আগের পরিকল্পনা থেকে সরে এসে ২৫ হাজার করা হয়েছে।
১৭ নভেম্বর প্রকাশিত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে দ্বিতীয় বছরের ভিসার জন্য ৪৫ হাজার এবং তৃতীয় বছরের ভিসার জন্য ২৫ হাজার জায়গা রাখা হবে।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে আগ্রহী আবেদনকারীদের নিবন্ধন শুরু হবে। প্রথম দফার আমন্ত্রণ ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি দেয়ার পরিকল্পনা রয়েছে। নির্বাচিত আবেদনকারীরা প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে ভিসার আবেদন করতে পারবেন।
২০২৭ সালের ১ মার্চ থেকে দ্বিতীয় বছরের ভিসার জন্য নির্দিষ্ট আঞ্চলিক এলাকায় কাজের শর্ত তিন মাসের পরিবর্তে চার মাস করা হবে। তবে তৃতীয় বছরের ভিসার জন্য ছয় মাসের নির্দিষ্ট কাজের শর্ত অপরিবর্তিত থাকবে। নতুন আমন্ত্রণপ্রক্রিয়ায় যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা ছাড় পাবেন।
বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত যেসব আবেদনকারী ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে বৈধ আবেদন জমা দিতে পারবেন, তাদের জন্য আগের নিয়মে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।
অস্ট্রেলিয়া সরকারের মতে, নতুন ব্যবস্থার উদ্দেশ্য হলো কৃষি, পর্যটন ও আতিথেয়তা খাতে কর্মীর চাহিদা বজায় রেখে ভিসা কর্মসূচিকে আরো সুশৃঙ্খল করা।
তবে বাংলাদেশি চাকরিপ্রত্যাশীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, Working Holiday Maker কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট অংশীদার দেশের পাসপোর্ট প্রয়োজন। বাংলাদেশের পাসপোর্টধারীরা বর্তমানে এই কর্মসূচির যোগ্য দেশের তালিকায় নেই। তাই নতুন পরিবর্তনকে বাংলাদেশিদের জন্য সরাসরি অস্ট্রেলিয়ায় কাজের ভিসার সুযোগ হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।
logo-1-1740906910.png)