হাউস অব কমন্সে যুক্তরাজ্যে অভিবাসন আইন সংস্কারের বিল পাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৮:২০
যুক্তরাজ্যের অভিবাসন ও আশ্রয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। এ লক্ষ্যে যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে বিতর্কিত ‘ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল’ (Immigration and Asylum Bill) ২৯০-৯৪ ভোটে পাস হয়েছে। ১৮ নভেম্বর বিলটির তৃতীয় ও চূড়ান্ত পাঠের ভোটাভুটিতে ১৯৬ ভোটের ব্যবধানে এটি অনুমোদন পায়। পরে যাচাই-বাছাইয়ের জন্য উচ্চকক্ষ হাউস অব লর্ডসে পাঠানো হয়েছে।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই আইন প্রণয়নের উদ্যোগের লক্ষ্য দেশটির অভিবাসন ও আশ্রয়প্রক্রিয়াকে আরো নিয়ন্ত্রিত করা। একই সাথে প্রকৃত আশ্রয়প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ব্যবস্থার অপব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার পরিকল্পনা রয়েছে।
বিলে অভিবাসন ও আশ্রয়সংক্রান্ত আবেদন নিষ্পত্তি, আপিল প্রক্রিয়া এবং দেশ থেকে বহিষ্কারের ব্যবস্থায় পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। বিশেষ করে আশ্রয় বা অভিবাসন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিলেও ব্যর্থ ব্যক্তিদের অপসারণের ক্ষেত্রে নতুন বিধান যুক্ত করার কথা জানিয়েছে সরকার। এ ক্ষেত্রে নতুন স্বাধীন আপিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর অতিরিক্ত নোটিশের সময় ছাড়াই অপসারণের ব্যবস্থা করার ক্ষমতা দেয়ার প্রস্তাব রয়েছে।
বিলটি এখনো চূড়ান্ত আইন হিসেবে কার্যকর হয়নি। হাউস অব লর্ডসে পর্যালোচনা ও পার্লামেন্টের পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই এর চূড়ান্ত আইনি অবস্থান নির্ধারিত হবে।
যুক্তরাজ্যে বসবাসরত অভিবাসী, আশ্রয়প্রার্থী এবং ভবিষ্যতে দেশটিতে যাওয়ার পরিকল্পনাকারীদের জন্য আইনটির অগ্রগতি গুরুত্বপূর্ণ। তবে নতুন প্রস্তাবগুলো কার্যকর হওয়ার আগে বর্তমান ভিসা ও অভিবাসনবিধির সাথে প্রস্তাবিত পরিবর্তনগুলোর পার্থক্য বুঝে নেয়া জরুরি।
logo-1-1740906910.png)