বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষায় আইন সংশোধন করছে বুলগেরিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২০:১৮
বিদেশি শ্রমিকদের কর্মক্ষেত্রে সুরক্ষা বাড়ানো এবং শ্রম শোষণ কমাতে অভিবাসন আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে বুলগেরিয়া। প্রস্তাবিত পরিবর্তনে নিয়োগকর্তার কারণে কর্মসংস্থানের অনুমতি বা শ্রমবাজারে প্রবেশের সুযোগ হারালে বিদেশি কর্মীদের ক্ষতিপূরণ দেয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি মৌসুমি শ্রমিকদের আবাসনসংক্রান্ত শর্ত লিখিত চুক্তির মাধ্যমে নির্ধারণ বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
১২ নভেম্বর বুলগেরিয়ার পার্লামেন্টের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলাবিষয়ক কমিটি ‘ফরেনার্স ইন দ্য রিপাবলিক অব বুলগেরিয়া অ্যাক্ট’-এর সংশোধনী দ্বিতীয় পাঠে অনুমোদন করে। দেশটির সরকার প্রস্তাবটি উত্থাপন করেছে। এর লক্ষ্য ইউরোপীয় ইউনিয়নের আইনগত কাঠামোর সাথে বুলগেরিয়ার বিধিবিধানের সামঞ্জস্য তৈরি, বৈধ শ্রম অভিবাসন সহজ করা এবং বিদেশি কর্মীদের শোষণের ঝুঁকি কমানো।
প্রস্তাবিত বিধান অনুযায়ী, কোনো বিদেশি কর্মী নিজের কোনো দায় ছাড়াই নিয়োগকর্তার কর্মকাণ্ডের কারণে শ্রমবাজারে কাজ করার সুযোগ হারালে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকেই ওই কর্মীকে ক্ষতিপূরণ দিতে হবে। এতে নিয়োগকর্তার অনিয়ম বা সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত বিদেশি কর্মীদের আর্থিক সুরক্ষার সুযোগ তৈরি হতে পারে।
মৌসুমি শ্রমিকদের আবাসন নিয়েও নতুন নিয়মের প্রস্তাব করা হয়েছে। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের থাকার ব্যবস্থা করে থাকেন। নতুন বিধান কার্যকর হলে এ ধরনের আবাসনের ভাড়া ও অন্যান্য শর্ত লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে। ফলে আবাসন নিয়ে অস্পষ্টতা, অতিরিক্ত অর্থ আদায় কিংবা শর্ত পরিবর্তনের মতো সমস্যা মোকাবিলায় শ্রমিকদের অবস্থান শক্তিশালী হতে পারে।
সংশোধনীতে আরো কয়েকটি প্রশাসনিক পরিবর্তনের প্রস্তাব রয়েছে। বিদেশে দায়িত্ব পালনরত কূটনৈতিক পদমর্যাদাবিহীন কর্মীদের অবিবাহিত সন্তানদের বয়স ২৫ বছর পর্যন্ত হলে এবং তারা স্বাগতিক দেশে পড়াশোনা চালিয়ে গেলে তাদের জন্য সার্ভিস পাসপোর্ট দেয়ার সুযোগ রাখার কথা বলা হয়েছে। এ ধরনের নথি ইস্যুর সাধারণ প্রক্রিয়ায় সময় ৩০ দিন থেকে কমিয়ে ২০ দিন করার প্রস্তাবও রয়েছে।
বুলগেরিয়ার এই উদ্যোগ ইউরোপের শ্রমবাজারে বিদেশি কর্মীদের অধিকার ও সুরক্ষার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। বিশেষ করে মৌসুমি কাজে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে নিয়োগ, আবাসন ও ক্ষতিপূরণসংক্রান্ত নিয়ম স্পষ্ট হলে কর্মক্ষেত্রে অনিয়ম কমানোর সুযোগ তৈরি হতে পারে।
তবে সংশোধনীগুলো এখনো চূড়ান্ত আইনে পরিণত হয়নি। সংসদীয় কমিটিতে দ্বিতীয় পাঠে অনুমোদনের পর এগুলো কার্যকর হতে হলে জাতীয় সংসদের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে। ফলে নতুন নিয়ম কবে থেকে কার্যকর হবে, তা এখনো নিশ্চিত নয়।
বাংলাদেশসহ ইউরোপে কাজের আগ্রহী দেশগুলোর কর্মীদের জন্য বুলগেরিয়ার শ্রম অভিবাসনসংক্রান্ত এই পরিবর্তন পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। তবে প্রস্তাবিত সংশোধনীকে দেশটিতে নতুন চাকরির সুযোগ বা নিয়োগের ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। বরং এটি বিদেশি কর্মীদের অধিকার সুরক্ষা ও বৈধ শ্রম অভিবাসন ব্যবস্থাকে আরো নিয়মতান্ত্রিক করার একটি আইনগত উদ্যোগ।
logo-1-1740906910.png)