Logo
×

Follow Us

বিশ্ব

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন পয়েন্ট পদ্ধতি কার্যকর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:১৩

কানাডার এক্সপ্রেস এন্ট্রিতে নতুন পয়েন্ট পদ্ধতি কার্যকর

প্রতীকী ছবি: এআই দিয়ে বানানো

কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে আগ্রহী দক্ষ বিদেশি কর্মীদের জন্য এক্সপ্রেস এন্ট্রি (Express Entry) ব্যবস্থায় নতুন পরিবর্তন এনেছে দেশটির সরকার। ৩ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে যেসব প্রার্থীর কানাডায় উচ্চ বেতনের চাকরির অফার (Job Offer) রয়েছে বা যারা উচ্চ বেতনের পেশায় কাজ করছেন, তাদের জন্য কম্প্রিহেনসিভ র‍্যাঙ্কিং সিস্টেমে (CRS) অতিরিক্ত বোনাস পয়েন্ট যুক্ত করা হচ্ছে। যোগ্য প্রার্থীরা তাদের এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলে স্বয়ংক্রিয়ভাবেই এই বোনাস পয়েন্ট পেয়ে যাবেন।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (IRCC) জানিয়েছে, উচ্চ বেতনের যোগ্য পেশায় চাকরির প্রস্তাব অথবা কানাডায় অর্জিত কর্ম-অভিজ্ঞতার ভিত্তিতে অতিরিক্ত পয়েন্ট দেয়া হবে। তবে একজন প্রার্থী চাকরির প্রস্তাব ও কানাডীয় কর্ম-অভিজ্ঞতা দুই ক্ষেত্রের পয়েন্ট একসাথে পাবেন না। যে পদ্ধতিতে বেশি পয়েন্ট পাওয়া যাবে, সেটিই বিবেচনা করা হবে।

অফিসিয়াল তথ্য অনুযায়ী, কানাডাব্যাপী কোনো নির্দিষ্ট পেশার গড় বা মধ্যক বেতনের (National Median Wage) ওপর ভিত্তি করে তিন ক্যাটাগরিতে এই অতিরিক্ত সিআরএস পয়েন্ট নির্ধারণ করা হবে। প্রার্থীর কাজের দায়িত্ব ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন (NOC) অনুযায়ী যাচাই করে এই সিদ্ধান্ত নেয়া হবে:

১. গড় বেতনের ২ গুণ বা তার বেশি: নির্ধারিত পেশার গড় বেতনের ২ গুণ আয় হলে সর্বোচ্চ ১০০ অতিরিক্ত পয়েন্ট যুক্ত হবে।

২. গড় বেতনের ১.৫ গুণ বা তার বেশি: নির্ধারিত পেশার মধ্যক বেতনের ১.৫ গুণ আয় থাকলে মিলবে ৭০ অতিরিক্ত পয়েন্ট।

৩. গড় বেতনের ১.৩ গুণ বা তার বেশি: নির্ধারিত পেশার মধ্যক বেতনের ১.৩ গুণ আয়ের জন্য পাওয়া যাবে ৫০ অতিরিক্ত পয়েন্ট।

এছাড়া কানাডায় পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা (Canadian Work Experience) যাদের উচ্চ বেতনের ক্যাটাগরিতে পড়ে, তারাও কাজের মেয়াদ ও আয়ের ওপর ভিত্তি করে ২০ থেকে ৭০ পয়েন্ট পর্যন্ত অতিরিক্ত বোনাস পাবেন।

অন্যদিকে, কানাডায় অন্তত ১২ মাসের যোগ্য কর্ম-অভিজ্ঞতা থাকলে পেশার বেতনস্তর অনুযায়ী অতিরিক্ত ২০, ৪০ অথবা ৭০ পয়েন্ট পাওয়ার সুযোগ রয়েছে। এরসাথে কর্ম-অভিজ্ঞতার মেয়াদ অনুযায়ী প্রচলিত সিআরএস পয়েন্টও যুক্ত হবে।

নতুন নিয়মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, চাকরির প্রস্তাব নতুন বা পুরোনো নিয়োগকর্তার কাছ থেকে হতে পারে। একইভাবে নতুন পদ কিংবা আগে থেকে বিদ্যমান পদেও চাকরির প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে। এ ক্ষেত্রে এলএমআইএ বাধ্যতামূলক নয়। এমনকি এলএমআইএ থাকলেও অতিরিক্ত পয়েন্ট বা প্রোফাইলে অগ্রাধিকার পাওয়া যাবে না।

তবে আইআরসিসি স্পষ্ট করেছে, চাকরির প্রস্তাব অবশ্যই প্রকৃত ও গ্রহণযোগ্য হতে হবে। নিয়োগকর্তার ব্যবসার বৈধতা, চাকরির প্রয়োজনীয়তা, বেতন ও নিয়োগের শর্ত পূরণের সক্ষমতা এবং প্রার্থীর সংশ্লিষ্ট কাজের যোগ্যতা যাচাই করা হবে। ভুয়া চাকরির প্রস্তাব বা তথ্য গোপনের ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হতে পারে।

এদিকে, নতুন নিয়ম কার্যকর হওয়ার পর বিদ্যমান এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইলগুলোর সিআরএস স্কোর স্বয়ংক্রিয়ভাবে পুনর্নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়ায় সর্বোচ্চ দুই সপ্তাহ সময় লাগতে পারে। এ সময় নতুন করে আমন্ত্রণপত্র দেওয়ার ড্র সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে আইআরসিসি।

অভিবাসনপ্রত্যাশীদের জন্য এ পরিবর্তন নতুন সুযোগ তৈরি করলেও শুধু চাকরির প্রস্তাব থাকলেই স্থায়ী বসবাসের নিশ্চয়তা মিলবে না। প্রার্থীর শিক্ষা, ভাষাগত দক্ষতা, বয়স, কর্ম-অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ড্রয়ের সিআরএস কাট-অফ স্কোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Logo