কর্মীদের কাজে যোগ দেয়ার নিয়মে পরিবর্তন আনল সিঙ্গাপুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৮:৫৫
বিদেশি কর্মীদের কাজে যোগ দেয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করছে সিঙ্গাপুর। আগামী ২৯ নভেম্বর থেকে ওয়ার্ক পারমিট (Work Permit) ইস্যু না হওয়া পর্যন্ত কোনো বিদেশি কর্মী কাজে যোগ দিতে পারবেন না। তবে নিয়োগকর্তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে টেম্পোরারি পারমিট (Temporary Permit) সংগ্রহ করলে সেই অনুমতির ভিত্তিতে কর্মীরা কাজে যোগ দিতে পারবেন।
সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয় (Ministry of Manpower—MOM) জানিয়েছে, নতুন নিয়মটি কার্যকর হওয়ার পর সব দেশের কর্মীদের ক্ষেত্রেই এই বিধান প্রযোজ্য হবে। এতদিন মালয়েশিয়ার বাইরে থেকে আসা বিদেশি কর্মীদের ক্ষেত্রে ইন-প্রিন্সিপাল এপ্রুভাল (In-Principle Approval) চিঠির ভিত্তিতে সিঙ্গাপুরে পৌঁছানোর দ্বিতীয় দিন থেকে কাজে যোগ দেয়ার সুযোগ ছিল। নতুন ব্যবস্থায় সেই সুবিধা আর থাকছে না।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২৯ নভেম্বর থেকে কর্মীর ওয়ার্ক পারমিট ইস্যু হওয়ার পর অথবা টেম্পোরারি পারমিট অনুমোদিত হওয়ার পরই কাজে যোগ দেয়ার সুযোগ তৈরি হবে। কোনো নিয়োগকর্তা জরুরি ভিত্তিতে কর্মীকে কাজে নিতে চাইলে তিনি MOM-এর অনলাইন ওয়ার্ক পারমিট ই-সার্ভিস (Work Permit eService)-এর মাধ্যমে টেম্পোরারি পারমিটের আবেদন করতে পারবেন। আবেদনের সব প্রক্রিয়া সঠিক হলে তা তাৎক্ষণিকভাবে ইস্যু করা হবে। নতুন ব্যবস্থায় টেম্পোরারি পারমিট পাওয়ার পর থেকেই সংশ্লিষ্ট কর্মীকে অর্থ পরিশোধ করার (Levy) বাধ্যবাধকতা শুরু হবে।
এছাড়া ওয়ার্ক পারমিটধারী কর্মীদের ব্যক্তিগত তথ্য, পেশা, চাকরির ইতিহাস ও নিয়োগসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও পরিবর্তন আসছে। ২৯ নভেম্বর থেকে নিয়োগকর্তারা myMOM Portal-এর ওয়ার্ক পারমিট ই-সার্ভিস ব্যবহার করে কর্মীদের চাকরিসংক্রান্ত বিভিন্ন তথ্য দেখতে ও হালনাগাদ করতে পারবেন। তবে কর্মীর ব্যক্তিগত পরিচয় ও পেশার তথ্য পরিবর্তনের কিছু কাজ আপাতত আগের WP অনলাইন ব্যবস্থাতেই করতে হবে।
ওয়ার্ক পারমিটের ইন-প্রিন্সিপাল এপ্রুভালের মেয়াদ বাড়ানোর আবেদনও নতুন অনলাইন ব্যবস্থার মাধ্যমে করা যাবে। তবে কোনো কর্মী ইতোমধ্যে সিঙ্গাপুরে অবস্থান করলে এবং তার পারমিট ইস্যু করতে অতিরিক্ত সময় প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী স্পেশাল পাস (Special Pass)-এর আবেদন করতে হবে।
বাংলাদেশি কর্মীদের জন্য যা জানা জরুরি
সিঙ্গাপুরে নতুন করে কাজের জন্য যারা যাচ্ছেন, তাদের নিয়োগকর্তার সাথে ওয়ার্ক পারমিট ইস্যুর বিষয়টি আগে থেকেই নিশ্চিত করা প্রয়োজন। শুধু IPA চিঠি হাতে থাকলেই নতুন নিয়ম কার্যকর হওয়ার পর কাজে যোগ দেয়া যাবে না। নিয়োগকর্তাকে যথাসময়ে পারমিট ইস্যু করতে হবে অথবা প্রয়োজন অনুযায়ী টেম্পোরারি পারমিট সংগ্রহ করতে হবে।
এ ক্ষেত্রে কর্মীদেরও সতর্ক থাকা জরুরি। কাজ শুরুর আগে নিজেদের অনুমতির বৈধতা যাচাই করতে হবে এবং নিয়োগকর্তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র বুঝে নিতে হবে।
সিঙ্গাপুরে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা আরো সুশৃঙ্খল করার অংশ হিসেবেই এই পরিবর্তন আনা হচ্ছে।
সূত্র: সিঙ্গাপুরের Ministry of Manpower (MOM)।
logo-1-1740906910.png)