মালয়েশিয়ায় জাল ই-পাস তৈরির অভিযোগে ২ বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ২০:৫৫
মালয়েশিয়ার পেনাং রাজ্যে জাল ই-পাস তৈরিতে যুক্ত একটি চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভিবাসন বিভাগ। এ ঘটনায় ২৩ ও ৩২ বছর বয়সী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের মাধ্যমে অর্থ উপার্জনের উদ্দেশ্যে একটি চক্রের সাথে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
সিম্পাং আমপাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, চক্রটি বাংলাদেশি ও পাকিস্তানি প্রবাসীদের লক্ষ্য করে প্রতিটি জাল ই-পাসের জন্য ৫০ থেকে ১০০ রিঙ্গিত নিত। ল্যাপটপে পাসপোর্ট ও ই-পাসের তথ্য পরিবর্তন করে প্রিন্টারের মাধ্যমে এসব নথি তৈরি করা হতো।
অভিযানে বিদেশি পাসপোর্ট, বিপুলসংখ্যক জাল ই-পাসের প্রিন্ট, মোবাইল, ল্যাপটপ, প্রিন্টার এবং তিনটি যানবাহন জব্দ করা হয়েছে। আটক দুজনের একজনের বৈধ পাস থাকলেও অন্যজনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহার করা হতো। এর মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে ধারণা করছে কর্তৃপক্ষ।
এ চক্রের মাধ্যমে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, তা শনাক্ত করতে তদন্ত চলছে বলে জানান শামসুল ফিতরি আহমাদ।
প্রবাসীদের জন্য সতর্কতা হলো জাল ই-পাস ব্যবহার করলে গ্রেপ্তার ও আইনি জটিলতায় পড়তে পারেন। দালালের মাধ্যমে নয়, অভিবাসন বিভাগের নির্ধারিত পদ্ধতিতে নিজের কাগজপত্র যাচাই করতে হবে।
logo-1-1740906910.png)