মালয়েশিয়ায় ২০২৪ সাল থেকে প্রায় ৯৭ হাজার বিদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৫
মালয়েশিয়ায় ২০২৪ সালের জানুয়ারি থেকে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৯৬ হাজার ৮৪৪ জন বিদেশিকে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে গ্রেপ্তার হন ৩৩ হাজার ১৩৬ জন। আর ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৬ হাজার ৭৪০ জনে। এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রেপ্তার হন ২৬ হাজার ৯৬৮ জন।
শনিবার (১৪ নভেম্বর) দ্য স্টার নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি, গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। প্রতারক চক্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়ান পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বিত সহযোগিতা জোরদার করা হবে।
তিনি বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত কোনো বিদেশি যদি আইন ভঙ্গ করেন বা কোনো অপরাধমূলক কাজে জড়িয়ে পড়েন তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এখানে কোনোভাবেই আন্তর্জাতিক প্রতারক চক্র ও সংঘবদ্ধ অপরাধের নিরাপদ কেন্দ্র হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না।
ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ৩৩ হাজার ১৩৬ জন বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে ৩৬ হাজার ৭৪০-এ পৌঁছায়, যা আগের তুলনায় ৩ হাজার ৬০৪ জন বা ১০.৯ শতাংশ বেশি। আর ২০২৭ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ২৬ হাজার ৯৬৮ জন বিদেশিকে।
মোহাম্মদ খালিদ বলেছেন, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত যে কারো বিরুদ্ধে— এমনকি মালয়েশীয় নাগরিকদের ক্ষেত্রেও আইনি পদক্ষেপ নেয়া হবে। আমরা আইনের চোখে সমতার নীতি সমুন্নত রাখব। মর্যাদা, পদমর্যাদা বা জাতীয়তা নির্বিশেষে প্রত্যেকেই দেশের আইনের অধীনস্থ।
তিনি বলেন, আইন লঙ্ঘনকারী কোনো কর্মকাণ্ডকেই ছাড় দেয়া হবে না। বিদ্যমান আইনি বিধান অনুযায়ী কঠোর পদক্ষেপের মাধ্যমে তা মোকাবিলা করা হবে।
এ সময় জনসাধারণকে পুলিশের কৌশলগত অংশীদার হিসেবে নিজেদের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। মোহাম্মদ খালিদ বলেন, অপরাধ প্রতিরোধ প্রচেষ্টায় সহায়তা করতে এবং জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা ও সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
logo-1-1740906910.png)