দক্ষ জনশক্তি আকর্ষণে বড় পরিসরে অভিবাসনের দরজা খুলেছে অস্ট্রেলিয়া। দেশটির সর্বশেষ স্কিলড মাইগ্রেশন কর্মসূচিতে ২০ হাজার আবেদনকারীকে স্থায়ী বসবাসের ভিসার জন্য আবেদন করার আমন্ত্রণ জানানো হয়েছে। চিকিৎসা, প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, শিক্ষা থেকে শুরু করে নির্মাণ ও বিভিন্ন কারিগরি পেশার কর্মীরা এ তালিকায় স্থান পেয়েছেন। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে বাংলাদেশি পেশাজীবীদেরও এই অভিবাসন প্রক্রিয়ায় অংশ নেয়ার সুযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত SkillSelect আমন্ত্রণ পর্বে Skilled Independent Visa (Subclass 189)-এর জন্য মোট ২০ হাজার আমন্ত্রণ দেয়া হয়। ২০২৬-২৭ অর্থবছরের এই কর্মসূচিতে একবারে এত বিপুলসংখ্যক আবেদনকারীকে আমন্ত্রণ দেশটির দক্ষ অভিবাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এবারের আমন্ত্রণে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো পেশার বৈচিত্র্য। স্বাস্থ্যসেবা খাতের চিকিৎসক, নিবন্ধিত নার্স ও বিভিন্ন বিশেষজ্ঞ পেশাজীবীদের পাশাপাশি প্রকৌশলী, শিক্ষক, কৃষিবিদ, স্থপতি এবং নির্মাণ খাতের দক্ষ কর্মীদেরও বিবেচনায় নেয়া হয়েছে। কার্পেন্টার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার ও বিভিন্ন যন্ত্রপাতি মেরামত-সংশ্লিষ্ট পেশার কর্মীদের জন্যও আমন্ত্রণের সুযোগ ছিল।
তবে মনে রাখতে হবে, ২০ হাজার আমন্ত্রণ মানেই ২০ হাজার ভিসা নয়। চূড়ান্ত অনুমোদনের আগে স্বাস্থ্য পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্সসহ সব শর্ত পূরণ করতে হবে।
পেশাভেদে প্রয়োজনীয় পয়েন্টে পার্থক্য
অস্ট্রেলিয়ার এই ভিসা কর্মসূচি মূলত পয়েন্টভিত্তিক। বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় দক্ষতার মতো বিষয় বিবেচনা করে আবেদনকারীর পয়েন্ট নির্ধারণ করা হয়। সর্বশেষ আমন্ত্রণ পর্বে বিভিন্ন পেশায় নির্বাচিত হওয়ার সর্বনিম্ন পয়েন্ট ছিল ৬৫ থেকে ১০০-এর মধ্যে।
অর্থাৎ, সব পেশার জন্য একই পয়েন্টসীমা নির্ধারিত নয়। কিছু কারিগরি পেশায় ৬৫ পয়েন্টেই আমন্ত্রণ দেয়া হয়েছে। অন্যদিকে, বিশেষায়িত চিকিৎসা, তথ্যপ্রযুক্তি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পেশায় ৯০ থেকে ১০০ পয়েন্ট পর্যন্ত প্রয়োজন হয়েছে। একই পয়েন্ট পাওয়া আবেদনকারীদের ক্ষেত্রে কখন তারা ওই পয়েন্ট অর্জন করেছেন, সেটিও নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয়।
বাংলাদেশি পেশাজীবীদের জন্য কীভাবে তৈরি হবে সুযোগ
অস্ট্রেলিয়ার এই কর্মসূচিতে বাংলাদেশিদের জন্য পৃথক কোনো কোটা নেই। তবে বাংলাদেশের নাগরিকদের জন্যও আবেদন করার সুযোগ উন্মুক্ত, যদি তারা নির্ধারিত পেশাগত ও অভিবাসনসংক্রান্ত যোগ্যতা পূরণ করতে পারেন।
বিশেষ করে বাংলাদেশে কর্মরত অভিজ্ঞ চিকিৎসক, নার্স, প্রকৌশলী, শিক্ষক, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং কারিগরি পেশাজীবীরা নিজেদের যোগ্যতা যাচাই করে এ পথে এগোতে পারেন। তবে শুধু পেশার নাম তালিকায় থাকলেই আবেদনকারী আমন্ত্রণ পাবেন না। সংশ্লিষ্ট পেশায় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কর্ম-অভিজ্ঞতা এবং অনুমোদিত কর্তৃপক্ষের দক্ষতা মূল্যায়ন থাকতে হবে।
এসব পেশাজীবীদের প্রস্তুতি কী হওয়া উচিত? নিজের পেশা তালিকায় আছে কিনা যাচাই করতে পারেন। ইংরেজি দক্ষতা, শিক্ষাগত সনদ ও কাজের অভিজ্ঞতার প্রমাণ প্রস্তুত রাখতে পারেন। সুযোগ যখন তৈরি হয়েছে, তখন প্রতিযোগিতায় নেমে দেখতে পারেন, পরখ করতে পারেন নিজের যোগ্যতা ও দক্ষতার।
আবেদনের আগে যে শর্তগুলো জানা জরুরি
Subclass 189 ভিসার জন্য আবেদনকারীকে আমন্ত্রণ পাওয়ার সময় ৪৫ বছরের কম বয়সী হতে হয়। পাশাপাশি সংশ্লিষ্ট পেশার জন্য ইতিবাচক Skills Assessment, প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা এবং পয়েন্ট পরীক্ষায় অন্তত ৬৫ পয়েন্ট অর্জন করতে হয়। তবে ন্যূনতম ৬৫ পয়েন্ট থাকলেই আমন্ত্রণ নিশ্চিত হয় না; পেশাভিত্তিক প্রতিযোগিতা ও নির্বাচনের সীমা এখানে গুরুত্বপূর্ণ।
প্রথমে SkillSelect-এর মাধ্যমে Expression of Interest (EOI) জমা দিতে হয়। এরপর অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ যোগ্যতা ও পয়েন্টের ভিত্তিতে আবেদনকারীদের মধ্য থেকে নির্বাচন করে আমন্ত্রণ পাঠায়। আমন্ত্রণ পাওয়ার পর নির্ধারিত ৬০ দিনের মধ্যে ভিসার আবেদন সম্পন্ন করতে হয়।
এখানে মনে রাখতে হবে, EOI জমা দেয়া কিংবা আমন্ত্রণ পাওয়া, কোনোটিই ভিসা অনুমোদনের নিশ্চয়তা নয়। চূড়ান্ত সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য, দক্ষতার সনদ, স্বাস্থ্য ও চারিত্রিক যোগ্যতাসহ প্রয়োজনীয় শর্ত যাচাই করে।
স্থায়ী বসবাসের সুযোগ কেন গুরুত্বপূর্ণ
Subclass 189 ভিসার অন্যতম সুবিধা হলো, এটি স্থায়ী বসবাসের অনুমতি দেয় এবং এর জন্য কোনো নির্দিষ্ট নিয়োগদাতা বা রাজ্য সরকারের স্পনসরশিপ প্রয়োজন হয় না। ভিসা অনুমোদিত হলে আবেদনকারী অস্ট্রেলিয়ায় বসবাস ও কাজ করার সুযোগ পান। যোগ্য পরিবারের সদস্যদেরও নির্দিষ্ট শর্তে আবেদনে অন্তর্ভুক্ত করা যায়।
অস্ট্রেলিয়ায় পেশাগত দক্ষতা কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদে বসবাস করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য তাই এই কর্মসূচি গুরুত্বপূর্ণ। তবে আবেদন করার আগে নিজের পেশা, দক্ষতার মূল্যায়ন, ইংরেজি পরীক্ষার ফল এবং সম্ভাব্য পয়েন্ট সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। পাশাপাশি কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করলে তাদের দাবির সত্যতা যাচাই করা জরুরি।
অস্ট্রেলিয়ার ২০ হাজার আমন্ত্রণ দক্ষ পেশাজীবীদের জন্য একটি বড় সুযোগ তৈরি করলেও এটি সবার জন্য উন্মুক্ত সাধারণ কর্মভিসা নয়। বরং নির্দিষ্ট পেশাগত দক্ষতা ও প্রতিযোগিতামূলক যোগ্যতার ভিত্তিতে স্থায়ী অভিবাসনের একটি প্রক্রিয়া।
logo-1-1740906910.png)