Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট:

নিউজিল্যান্ডে সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ সাময়িক বন্ধ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ২০:১৬

নিউজিল্যান্ডে সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ সাময়িক বন্ধ

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এতে বাংলাদেশসহ প্রায় ৭৪টি দেশে ই-মেইল সেবা আউটলুক, ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম টিমস ও মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। 

এদিকে মাইক্রোসফটের বিভ্রাটের কারণে সব ধরনের ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষ। একই সাথে দেশটির অনলাইন ব্যবস্থায় নতুন ভিসার আবেদন জমা দেয়াও ব্যাহত হচ্ছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড (INZ)। তবে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন ভ্রমণকারীদের জন্য NZeTA সেবা চালু রয়েছে।

ইমিগ্রেশন নিউজিল্যান্ড জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব ভিসা আবেদনের প্রক্রিয়াকরণ স্থগিত থাকবে। ফলে আগে জমা দেয়া আবেদনের সিদ্ধান্ত পেতে বিলম্ব হতে পারে। এছাড়া ইনহ্যান্সড ইমিগ্রেশন অনলাইন (enhanced Immigration Online) ব্যবস্থায় নতুন আবেদন জমা দেয়া যাচ্ছে না। তবে ইতোমধ্যে অনুমোদিত ভিসা বাতিলের কোনো ঘোষণা দেয়া হয়নি।

প্রযুক্তিগত সমস্যার কারণে নতুন সর্ট-ট্রাম গ্র্যাজুয়েট ওয়ার্ক ভিসা (Short-term Graduate Work Visa)-সহ কয়েকটি অভিবাসন নীতি কার্যকরের সময় এক সপ্তাহ পিছিয়েছে। আগে ১৬ নভেম্বর এসব পরিবর্তন চালুর কথা থাকলেও নতুন সময়সূচি অনুযায়ী তা ২৩ নভেম্বর কার্যকর হওয়ার কথা।

পরিবর্তনগুলোর মধ্যে রয়েছে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা (Post-Study Work Visa)-সংক্রান্ত সংশোধন এবং নির্দিষ্ট ভিসা আবেদনে ডিজিটাল পাসপোর্ট স্ক্যান ব্যবহারের সুবিধা সম্প্রসারণ।

নিউজিল্যান্ডে পড়াশোনা, চাকরি কিংবা ভ্রমণের উদ্দেশ্যে আবেদন করা বাংলাদেশিরাও এই বিভ্রাটের কারণে বিলম্বের মুখে পড়তে পারেন। বিশেষ করে যাদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বা চাকরিতে যোগদানের নির্ধারিত সময় রয়েছে, তাদের জন্য পরিস্থিতি গুরুত্বপূর্ণ।

ভিসা কার্যক্রম কবে পুরোপুরি চালু হবে, তা এখনো জানানো হয়নি। আবেদনকারীদের ইমিগ্রেশন নিউজিল্যান্ডের সরকারি ওয়েবসাইটে সর্বশেষ নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

Logo