বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া আরো০ সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। দেশটির ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে কমিয়ে ২৩টি করা হয়েছে। পাশাপাশি ভিসার আবেদন ফরমের তথ্য পূরণের ক্ষেত্র ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা ও ব্যবসার উদ্দেশ্যে বিদেশিদের ভারতে যাতায়াত সহজ করতেই এ পরিবর্তন আনা হয়েছে। ২০২৫ সালের অক্টোবরে ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের কাজ শুরু হয়। সর্বশেষ পরিবর্তনের আগে উন্নত দেশগুলোর ভিসাব্যবস্থা ও আন্তর্জাতিক মানদণ্ড পর্যালোচনা করেছে সরকার।
পর্যটক ভিসার নাম পরিবর্তন, নতুন ভিজিটর ভিসা:
নতুন ব্যবস্থায় পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এখন থেকে শুধু পর্যটন নয়, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং স্বল্পমেয়াদি সাংস্কৃতিক ও শিক্ষামূলক কোর্সেও এ ভিসা ব্যবহার করা যাবে।
ভিজিটর ভিসাকে দুটি উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।
ভি-১ ভিসা: এ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। পর্যটনের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম, স্বল্পমেয়াদি চিকিৎসা, ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, হস্তশিল্প ও স্বল্পমেয়াদি যোগব্যায়াম কর্মসূচিতে অংশ নেয়া যাবে।
ভি-২ ভিসা: তুলনামূলক দীর্ঘমেয়াদি ভ্রমণের জন্য এ ভিসা দেয়া হবে। যোগ্যতা অনুযায়ী এর মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। ভি-১ ভিসার আওতাভুক্ত কার্যক্রমের পাশাপাশি পর্বতারোহণের সুযোগও থাকবে। পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।
চিকিৎসা ভিসার মেয়াদ এক বছর:
চিকিৎসা ভিসার কাঠামোতেও পরিবর্তন এনেছে ভারত সরকার। প্রচলিত চিকিৎসা ও আয়ুষ পদ্ধতির চিকিৎসার জন্য পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে।
- এম-১ ভিসা: আয়ুষ পদ্ধতির বাইরে অন্যান্য চিকিৎসার জন্য।
- এম-২ ভিসা: এম-১ ভিসাধারীর সাথে যাওয়া ব্যক্তিদের জন্য।
- এম-৩ ভিসা: আয়ুষ পদ্ধতিতে চিকিৎসার জন্য।
- এম-৪ ভিসা: এম-৩ ভিসাধারীর সাথে যাওয়া ব্যক্তিদের জন্য।
এম-১ ও এম-৩ ভিসার মেয়াদ সাধারণভাবে এক বছর হবে। একই মেয়াদ প্রযোজ্য হবে এসব ভিসার ই-ভিসা সংস্করণেও। উভয় ক্ষেত্রেই একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।
ভারত সরকারের আশা, নতুন ব্যবস্থায় দীর্ঘমেয়াদি চিকিৎসা, একাধিকবার চিকিৎসকের পরামর্শ নেয়া কিংবা পরবর্তী পরীক্ষার জন্য যাতায়াতকারী বিদেশি রোগীদের ভোগান্তি কমবে। বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনও কমবে। দেশটির ‘হিল ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে।
শিক্ষার্থী ও গবেষকদের জন্য নতুন ভিসা:
শিক্ষার্থী ভিসাকে এস-১ ও এস-২; এই দুই উপশ্রেণিতে ভাগ করা হয়েছে।
এস-১ ভিসা: স্কুল, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এ ভিসা দেয়া হবে।
এস-২ ভিসা: পিএইচডি গবেষক, গবেষণারত শিক্ষার্থী, অতিথি শিক্ষক, বিজ্ঞানী, নৃতাত্ত্বিক অভিযানে অংশগ্রহণকারী, শিক্ষানবিশ এবং বিনিময় কর্মসূচিতে অংশ নেয়া ব্যক্তিরা এ ভিসার আওতায় আসবেন।
এছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভারতীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীদের সর্বোচ্চ পাঁচ বছর অথবা শিক্ষাকোর্সের মেয়াদ পর্যন্ত ই-এস১ ভিসা দেয়া হতে পারে। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে।
ব্যবসায়িক ভিসায় যেসব পরিবর্তন:
ব্যবসায়িক ভিসাকেও বি-১ ও বি-২; এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে।
- বি-১ ভিসা: দীর্ঘমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম এবং ভারতে শিল্প বা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী বিদেশি নাগরিকদের জন্য।
- বি-২ ভিসা: স্বল্পমেয়াদি ও চুক্তিভিত্তিক ব্যবসায়িক কার্যক্রমের জন্য। এর মধ্যে উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত কাজ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং চলচ্চিত্রের শুটিং অন্তর্ভুক্ত।
ভারতীয় প্রতিষ্ঠানের নিয়োগ করা বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। কারখানা স্থাপন ও চালু করা, মান যাচাই, রক্ষণাবেক্ষণ, উৎপাদন, তথ্যপ্রযুক্তি, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, প্রশিক্ষণ, সরবরাহব্যবস্থার উন্নয়ন, কারখানার নকশা ও কারিগরি সহায়তার কাজে যুক্ত ব্যক্তিরা এ সুবিধা পাবেন।
এ ধরনের পেশাজীবীদের বি-২ শ্রেণির আওতায় উৎপাদন ও বিনিয়োগসংক্রান্ত ব্যবসায়িক ভিসা দেওয়া যাবে। ই-ভিসার মাধ্যমেও এ ভিসার আবেদন করা যাবে। আগে এ ধরনের ভিসা ই-বি৪ নামে পরিচিত ছিল।
১৭২ দেশের নাগরিকদের জন্য ই-ভিসা:
বর্তমানে ভারতের ১৩টি উপশ্রেণিতে ইলেকট্রনিক ভ্রমণ অনুমোদনের মাধ্যমে ই-ভিসা দেয়া হয়। বিশ্বের ১৭২টি দেশের নাগরিকেরা এ সুবিধা পাচ্ছেন।
নতুন নিয়ম কার্যকর করতে তথ্যপ্রযুক্তি ব্যবস্থায় পরিবর্তন আনার কাজ করছে ভারত সরকার। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন কাঠামোর আওতায় ২০২৬ সালের শেষ নাগাদ ভিসা দেয়া শুরু হতে পারে।
সংস্কার করা ব্যবস্থায় ভিসার প্রধান ৯টি শ্রেণি হবে— ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।
বিবিধ ভিসার আওতায় ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাদের স্বামী-স্ত্রী ও সন্তান, দীর্ঘমেয়াদি ভিসাধারী বিদেশি নাগরিকদের নির্ভরশীল সদস্য, অরোভিল ফাউন্ডেশনের মতো নির্দিষ্ট প্রতিষ্ঠানে যোগ দিতে যাওয়া ব্যক্তি এবং ভারতে অবস্থানের ভিসাপ্রত্যাশী আফগান নাগরিকেরা অন্তর্ভুক্ত থাকবেন। প্রতিবেশী কয়েকটি দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট দীর্ঘমেয়াদি ভিসার ব্যবস্থাও এ শ্রেণিতে রাখা হয়েছে।
সূত্র: এনডিটিভি
logo-1-1740906910.png)