জাল পাসপোর্টে ১৬ বার কানাডায় আসা-যাওয়ায় ২ বছরের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২১:৩১
ভুয়া পরিচয়ে তৈরি কানাডীয় পাসপোর্ট ব্যবহার করে ১৬ বার কানাডায় আসা-যাওয়া করার অপরাধে ঘানার এক নাগরিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন কানাডার একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই তরুণের নাম জেফারসন জোরমেলো (২২)।
সিবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, ৯ নভেম্বর ক্যালগারির আদালতে বিচারক কারেন মোলে নাগরিকত্ব জালিয়াতির এই মামলার রায় ঘোষণা করেন।
প্রতিবেদনে বলা হয়, জোরমেলো ২০২১ সালে স্টাডি পারমিট বা শিক্ষার্থী ভিসায় কানাডায় এসেছিলেন। ২০২৪ সালে কর্তৃপক্ষ জানতে পারে যে তিনি আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত নন এবং তখন তাকে দেশত্যাগের নির্দেশ (এক্সক্লুশন অর্ডার) দেয়া হয়। তবে দেশত্যাগের পরিবর্তে তিনি 'মিচেল লেব্ল্যাঙ্ক' (Mitchell Leblanc) নামের এক ভুয়া পরিচয়ে নাগরিকত্বের প্রমাণপত্রসহ অন্যান্য নথিপত্র সংগ্রহ করেন। এই নথির ভিত্তিতে ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ওই ভুয়া নামে একটি কানাডীয় পাসপোর্ট ইস্যু করিয়ে নেন। এরপর ১৫ মাসে তিনি মন্ট্রিল, টরন্টো এবং হ্যালিফ্যাক্সের আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে ওই পাসপোর্টে মোট ১৬ বার কানাডায় প্রবেশ ও প্রস্থান করেন।
চলতি বছরের এপ্রিলে ক্যালগারিতে অবস্থিত মার্কিন কনস্যুলেটে তিনি 'মিচেল লেব্ল্যাঙ্ক' নামের একটি ভুয়া পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর) কার্ড জমা দেন। বিষয়টি ধরা পড়লে কানাডা বর্ডার সার্ভিসেস এজেন্সি (CBSA) তাকে গ্রেপ্তার করে এবং তার হোটেল কক্ষ তল্লাশি করে জাল পাসপোর্টটি উদ্ধার করে।
প্রতিবেদনে জানানো হয়, কানাডার নাগরিকত্ব আইন লঙ্ঘনের দায় স্বীকার করার পর রাষ্ট্রপক্ষ তার ৫ বছরের কারাদণ্ড চেয়েছিল। তবে বিচারক কারেন মোলে একে একটি সুপরিকল্পিত জালিয়াতি হিসেবে উল্লেখ করে বলেন, এটি জননিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং কানাডীয় পাসপোর্টের আন্তর্জাতিক সুনামের জন্য হুমকিস্বরূপ। গ্রেপ্তারের পর থেকে হাজতবাসের সময় বাদ দিয়ে তাকে আরো প্রায় ১৪ মাস কারাগারে থাকতে হবে।
logo-1-1740906910.png)