টিআরপির আবেদন প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনেছে লিথুয়ানিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২০:৪১
ইউরোপের দেশ লিথুয়ানিয়ায় চাকরি কিংবা স্নাতক পর্যায়ে পড়াশোনার উদ্দেশ্যে অস্থায়ী বসবাসের অনুমতিপত্র বা টেম্পোরারি রেসিডেন্স পারমিট (TRP) পাওয়ার আবেদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন কার্যকর হয়েছে। ১ নভেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে নির্দিষ্ট কিছু ভিসা নিয়ে দেশটিতে অবস্থানরত বিদেশিরা আর সরাসরি দেশটির অভিবাসন বিভাগে কাজ বা ব্যাচেলর পর্যায়ে পড়াশোনার টিআরপির আবেদন জমা দিতে পারবেন না। তাদের আবেদন করতে হবে নির্ধারিত বিদেশি আবেদনকেন্দ্রের মাধ্যমে।
লিথুয়ানিয়ার অভিবাসন বিভাগের ঘোষণার বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম Legit.ng জানিয়েছে, দেশটির বিদেশি নাগরিকদের আইনি অবস্থানসংক্রান্ত আইনে সংশোধন আনার ফলে আবেদন গ্রহণের পদ্ধতিতে এই পরিবর্তন হয়েছে। নতুন নিয়মটি মূলত সাধারণ চাকরির চুক্তির আওতায় কর্মসংস্থান এবং উচ্চশিক্ষার প্রথম ধাপ অর্থাৎ ব্যাচেলর পর্যায়ের পড়াশোনার জন্য প্রযোজ্য।
নতুন বিধান অনুযায়ী, লিথুয়ানিয়ায় বৈধভাবে অবস্থানরত কোনো বিদেশি নাগরিক দেশটির অভিবাসন বিভাগে সরাসরি টিআরপির আবেদন করতে পারবেন কেবল নির্দিষ্ট কয়েকটি শর্তের অন্তত একটি পূরণ করলে। শর্তগুলোর মধ্যে রয়েছে— লিথুয়ানিয়ার বৈধ অস্থায়ী বসবাসের অনুমতিপত্র থাকা, দেশটি থেকে ইস্যু করা জাতীয় ভিসা থাকা, অন্য কোনো ইউরোপীয় ইউনিয়ন বা শেনজেনভুক্ত দেশের বৈধ রেসিডেন্স পারমিট থাকা অথবা লিথুয়ানিয়ায় ভিসা ছাড়াই প্রবেশ ও অবস্থানের যোগ্যতা থাকা।
কোন ভিসাধারীরা সরাসরি আবেদন করতে পারবেন না:
নতুন নিয়মে অন্য কোনো শেনজেন দেশের ইস্যু করা শেনজেন ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় প্রবেশকারী বিদেশিরা সাধারণ চাকরি কিংবা ব্যাচেলর পর্যায়ের পড়াশোনার ভিত্তিতে সরাসরি দেশটির অভিবাসন বিভাগে টিআরপির আবেদন জমা দিতে পারবেন না। একইভাবে অন্য কোনো দেশের জাতীয় ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় অবস্থান করলেও এই সুবিধা পাওয়া যাবে না।
এ ধরনের আবেদনকারীদের বিদেশ থেকে নির্ধারিত আবেদনপ্রক্রিয়া অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে লিথুয়ানিয়ার পক্ষে কাজ করা বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের (VFS Global) নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে আবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
ফলে কেউ স্বল্পমেয়াদি শেনজেন ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় প্রবেশ করে সেখানেই সাধারণ চাকরি বা ব্যাচেলর পর্যায়ের পড়াশোনার রেসিডেন্স পারমিটের আবেদন করবেন— এমন পরিকল্পনা করলে নতুন নিয়মটি আগে ভালোভাবে জেনে নেয়া জরুরি।
উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মীদের জন্য ব্যতিক্রম:
নতুন বিধানে উচ্চ দক্ষতাসম্পন্ন চাকরির জন্য লিথুয়ানিয়ায় আসা বিদেশিদের ক্ষেত্রে আগের আবেদনপ্রক্রিয়া বহাল রাখা হয়েছে। তারা দেশটিতে বৈধভাবে অবস্থান করলে ১ নভেম্বরের পরও প্রচলিত নিয়মে অভিবাসন বিভাগে আবেদন করতে পারবেন।
এছাড়া আগে থেকেই কাজের ভিত্তিতে বৈধ অস্থায়ী বসবাসের অনুমতিপত্র রয়েছে— এমন কর্মীদের নবায়নের ক্ষেত্রেও নিয়ম অপরিবর্তিত রয়েছে। বিদ্যমান অনুমতিপত্রের মেয়াদ শেষ হতে ছয় মাসের বেশি সময় বাকি না থাকলে নবায়নের আবেদন অভিবাসন বিভাগ গ্রহণ করবে।
বেলারুশের নাগরিকদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। দেশটির নাগরিকেরা কর্মসংস্থানের ভিত্তিতে টিআরপির আবেদন আর্মেনিয়া ও জর্জিয়ায় অবস্থিত ভিএফএস গ্লোবালের নির্ধারিত কেন্দ্রগুলোতে জমা দিতে পারবেন।
বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থীদের জন্য কী বার্তা:
লিথুয়ানিয়ায় কাজ বা ব্যাচেলর পর্যায়ে পড়াশোনার পরিকল্পনা করছেন— এমন বাংলাদেশিদের জন্য নতুন নিয়মটি গুরুত্বপূর্ণ। বিশেষ করে কেউ যদি অন্য কোনো শেনজেন দেশের ভিসা কিংবা তৃতীয় কোনো দেশের জাতীয় ভিসা নিয়ে লিথুয়ানিয়ায় গিয়ে সেখান থেকে সাধারণ চাকরি বা ব্যাচেলর পর্যায়ের রেসিডেন্স পারমিট নেয়ার পরিকল্পনা করেন, তাহলে তিনি নতুন বিধানের আওতায় সরাসরি আবেদন করার যোগ্যতা হারাতে পারেন।
তবে এই পরিবর্তনের অর্থ এই নয় যে বাংলাদেশিরা লিথুয়ানিয়ায় কাজ বা পড়াশোনার অনুমতি পাবেন না। বরং আবেদন কোথা থেকে এবং কোন পদ্ধতিতে জমা দিতে হবে, তা আবেদনকারীর বর্তমান ভিসা, বসবাসের বৈধতা, কাজের ধরন এবং শিক্ষার স্তরের ওপর নির্ভর করবে। বিশেষ করে মাস্টার্স বা উচ্চতর পর্যায়ের পড়াশোনার আবেদনকে ব্যাচেলর পর্যায়ের নিয়মের সাথে এক করে দেখা উচিত নয়।
তাই লিথুয়ানিয়ায় যাওয়ার আগে নিয়োগকর্তা বা শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে আবেদনপ্রক্রিয়া নিশ্চিত করার পাশাপাশি দেশটির অভিবাসন বিভাগের সর্বশেষ নির্দেশনা যাচাই করা প্রয়োজন। শুধু ভিজিট বা শেনজেন ভিসা নিয়ে গিয়ে পরে কাজের অনুমতি পাওয়া যাবে— এমন ধারণার ওপর ভিত্তি করে ভ্রমণ বা অর্থ লেনদেন করা ঝুঁকিপূর্ণ হতে পারে।
লিথুয়ানিয়ার অভিবাসন বিভাগের ওয়েবসাইটে নতুন নিয়ম, আবেদন গ্রহণের শর্ত এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে আবেদনসংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।
লিথুয়ানিয়ার অভিবাসন বিভাগের ওয়েবসাইট: https://migracija.lrv.lt/
logo-1-1740906910.png)