Logo
×

Follow Us

বিশ্ব

কোনো ডিগ্রি ছাড়াই E-7-3 ভিসায় কসাইখানার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৭:৪৩

কোনো ডিগ্রি ছাড়াই E-7-3 ভিসায় কসাইখানার কর্মী নেবে দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার কসাইখানাগুলোতে তীব্র শ্রমিক সংকটের কারণে দেশটির সরকার প্রথমবারের মতো দক্ষ বিদেশি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মাংস উৎপাদন ও সরবরাহ স্বাভাবিক রাখতে ২০২৬ সালের জানুয়ারি থেকে দুই বছরের একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছে দক্ষিণ কোরিয়া। এই প্রকল্পের আওতায় প্রতি বছর ১৫০ জন করে মোট ৩০০ জন বিদেশি কসাই বা মাংস প্রক্রিয়াজাতকরণ কর্মী নিয়োগ দেয়া হবে। এই নিয়োগ চলবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। আর এর জন্য কোনো ডিগ্রির প্রয়োজন হবে না। 

সরকারের প্রত্যাশা, যোগ্য বিদেশি কর্মী নিয়ে আসার ফলে কর্মী সংকট দূর হবে। সেই সাথে দেশটির গবাদি পশু থেকে প্রাপ্ত পণ্যের সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্থিতিশীল হবে। কর্মকর্তাদের মতে, এর সরাসরি প্রভাব পড়বে ভোক্তাদের জন্য খাদ্যপণ্যের মূল্যের ওপর।

সরকারের গৃহীত পদক্ষেপ ও ভিসা সুবিধা:

সংকট মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার বিচার মন্ত্রণালয় (Ministry of Justice) এবং কৃষি, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় (MAFRA) যৌথভাবে নতুন নীতিমালা প্রণয়ন করেছে।

E-7-3 ভিসা ক্যাটাগরি চালু: ২০২৫ সালের শেষের দিকে জেনারেল স্কিলড ওয়ার্কার ভিসা বা E-7-3 ভিসা প্রোগ্রামের আওতায় কসাইখানার কাজকে অন্তর্ভুক্ত করা হয়। ২০২৬ সালের জুলাই মাসে এই ভিসায় মঙ্গোলিয়া থেকে প্রথম ১২ জন দক্ষ কর্মী দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এটিই প্রথম ঘটনা, যেখানে দেশটির কসাইখানা শিল্পে কাজের জন্য আনুষ্ঠানিকভাবে বিদেশি কর্মীদের নিয়ে আসা হলো।

কোটা ও মেয়াদ: ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চলমান এই পাইলট প্রকল্পে প্রতি বছর ১৫০ জন বিদেশি কর্মী নেয়া হবে।

নিয়োগের সীমা শিথিল: ছোট কসাইখানাগুলোর জন্য বিদেশি কর্মী নিয়োগের আগের সীমা বাতিল করা হয়েছে। এখন প্রতিষ্ঠানগুলো তাদের মোট স্থানীয় কর্মীর ২০ শতাংশ পর্যন্ত বিদেশি কর্মী নিয়োগ দিতে পারবে।

আবেদনকারীদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা:

সাধারণ কর্মী ভিসার (EPS) মতো সহায়ক কাজের পরিবর্তে এই ভিসায় সরাসরি মূল কসাইয়ের কাজের জন্য দক্ষ কর্মী নেয়া হচ্ছে। দ্য কোরিয়া টাইমস এবং বিজ চোসুনের তথ্য অনুযায়ী আবেদনকারীদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হয়।

প্রশিক্ষণ ও সনদ: অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে মাংস প্রক্রিয়াজাতকরণ বা কসাইয়ের কাজের ওপর কোর্স সম্পন্ন করতে হবে এবং সনদ থাকতে হবে।

কাজের অভিজ্ঞতা: সংশ্লিষ্ট খাতে কমপক্ষে ৩ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

মন্ত্রণালয়ের সুপারিশ: দক্ষিণ কোরিয়ার কৃষি, খাদ্য ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়ের (MAFRA) সুপারিশপত্র থাকতে হবে।

শ্রমিক সংকটের প্রধান কারণসমূহ:

দক্ষিণ কোরিয়ার মাংস প্রক্রিয়াজাতকরণ খাতে দীর্ঘদিন ধরেই কর্মী ঘাটতি চলছিল। এর পেছনে কয়েকটি মূল কারণ কাজ করেছে-

বয়স্ক জনশক্তি ও তরুণদের অনীহা: বর্তমান কর্মীদের বয়স বেড়ে যাচ্ছে এবং নতুন করে স্থানীয় তরুণরা এই পেশায় আসতে চাইছেন না।

কঠোর ও ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ: কসাইখানার কাজ অত্যন্ত শারীরিক পরিশ্রমের এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় স্থানীয়রা এই কাজে আগ্রহ হারাচ্ছে।

নেতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি: সমাজে এই পেশার প্রতি নেতিবাচক ধারণা থাকার কারণেও নতুন কর্মী আকর্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য, উচ্চ বেতন, স্বল্প অভিবাসন ব্যয় এবং সরকারি তত্ত্বাবধানে নিরাপদ কর্মসংস্থানের কারণে দক্ষিণ কোরিয়া বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশের শ্রমশক্তির কাছে অত্যন্ত আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। জন্মহার কমে যাওয়া এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশটিতে তীব্র শ্রমিক সংকট তৈরি হয়েছে, যা পূরণে কোরীয় সরকার বিদেশি কর্মী নিয়োগের কোটা ও সুযোগ-সুবিধা ক্রমাগত বাড়াচ্ছে।

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল (BOESL) এবং দক্ষিণ কোরিয়ার ইপিএস (EPS) প্রোগ্রামের মাধ্যমে সরাসরি সরকারিভাবে কর্মী পাঠানো হয়। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বা প্রতারণার ঝুঁকি থাকে না এবং অভিবাসন ব্যয়ও তুলনামূলক অনেক কম হয়।

Logo