বেতন না পেয়ে বিপাকে সিঙ্গাপুরের অভিবাসী কর্মীরা, নতুন চাকরির সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৯:৪০
কয়েক মাস ধরে বেতন না পাওয়া এবং চাকরি হারানোর আশঙ্কায় সিঙ্গাপুরে কর্মরত দুই শতাধিক অভিবাসী শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মী রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অভিবাসী শ্রমিকদের সহায়তাকারী সংগঠন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে।
সম্প্রতি সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান প্রসেস মেইনটেন্যান্স সলিউশনস এবং জুরং টেকনিক্যাল অ্যান্ড কনস্ট্রাকশনের বিরুদ্ধে শ্রমিকদের বেতন পরিশোধ না করার অভিযোগ ওঠে। এসব প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ২৪০ জন শ্রমিক দুই থেকে তিন মাস ধরে বেতন পাচ্ছিলেন না বলে জানা গেছে।
বিষয়টি তদন্ত করছে সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়। শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের দাবিও প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে অনেক কর্মীর ওয়ার্ক পারমিট বাতিল হওয়ায় তাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের ৭ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩০ জনের বেশি অভিবাসী শ্রমিককে সম্ভাব্য নতুন নিয়োগকর্তার সাথে যুক্ত করা হয়েছে। তাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থাও করা হয়েছে। বকেয়া বেতন আদায়ের দাবি নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন তারা।
বাংলাদেশের রাজশাহী অঞ্চলের এক তরুণ কর্মীও নতুন নির্মাণ প্রতিষ্ঠানে চাকরির প্রস্তাব পেয়েছেন। এর আগে তার দুই মাসের বেতন বকেয়া ছিল।
এ ঘটনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের চাকরির নিরাপত্তা, বেতন পরিশোধ এবং নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি আবারো সামনে এসেছে।
বিশেষজ্ঞদের মতে, বিদেশে যাওয়ার আগে নিয়োগকর্তা ও চাকরির চুক্তি যাচাই করা এবং বৈধ প্রক্রিয়ায় কর্মসংস্থান নিশ্চিত করা জরুরি।
logo-1-1740906910.png)