Logo
×

Follow Us

বিশ্ব

বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহরের তালিকা প্রকাশ, দ্বিতীয় স্থানে ঢাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ২১:১৩

বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহরের তালিকা প্রকাশ, দ্বিতীয় স্থানে ঢাকা

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকা প্রকাশ করেছে জাতিসংঘ। এ তালিকায় ৪ কোটি ১৯ লাখ বাসিন্দা নিয়ে শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। আর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে দীর্ঘদিন শীর্ষে থাকা জাপানের টোকিও নেমে গেছে তৃতীয় অবস্থানে। 

জাতিসংঘের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫ সালে ঢাকার জনসংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬৬ লাখে। জাতিসংঘের পূর্বাভাস বলছে, ২০৫০ সালের মধ্যে জনসংখ্যার দিক থেকে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষে উঠে আসতে পারে ঢাকা।

জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে বিশ্বের শহরগুলোর জনসংখ্যা একই মানদণ্ডে বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে। ২০২৫ সালের জনসংখ্যার পাশাপাশি ২০৫০ সাল পর্যন্ত সম্ভাব্য জনসংখ্যা বৃদ্ধির পূর্বাভাসও তুলে ধরা হয়েছে এতে।

২০২৫ সালে বিশ্বের শীর্ষ পাঁচ জনবহুল শহর:

১. জাকার্তা, ইন্দোনেশিয়া: ৪ কোটি ১৯ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ১৮ লাখ।

২. ঢাকা, বাংলাদেশ: ৩ কোটি ৬৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৫ কোটি ২১ লাখ।

৩. টোকিও, জাপান: ৩ কোটি ৩৪ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৭ লাখ।

৪. নয়াদিল্লি, ভারত: ৩ কোটি ২ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৩৯ লাখ।

৫. সাংহাই, চীন: ২ কোটি ৯৬ লাখ। ২০৫০ সালে সম্ভাব্য জনসংখ্যা ৩ কোটি ৪৯ লাখ।

যেভাবে নির্ধারণ করা হয়েছে শহরের জনসংখ্যা

জাতিসংঘের এবারের প্রতিবেদনে শহরের জনসংখ্যা নির্ধারণে আগের তুলনায় ভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। শুধু কোনো শহরের প্রশাসনিক সীমানার মধ্যে থাকা মানুষ নয়, আশপাশের সংযুক্ত ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলের জনসংখ্যাও হিসাবের আওতায় আনা হয়েছে।

এ জন্য স্যাটেলাইট চিত্র ও আদমশুমারির তথ্য ব্যবহার করা হয়েছে। নতুন পদ্ধতিতে প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ মানুষ বসবাস করেন এবং মোট জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার—এমন অবিচ্ছিন্ন এলাকাকে শহর হিসেবে বিবেচনা করা হয়েছে।

এ পদ্ধতির কারণে জাকার্তার জনসংখ্যার হিসাব উল্লেখযোগ্যভাবে বেড়েছে। শহরটির প্রশাসনিক সীমানার মধ্যে বাসিন্দার সংখ্যা প্রায় ১ কোটি ২০ লাখ হলেও আশপাশের সংযুক্ত নগরাঞ্চল যুক্ত করে মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখে। ঢাকার ক্ষেত্রেও বৃহত্তর নগরাঞ্চলের জনসংখ্যা বিবেচনায় নেয়া হয়েছে।

বিশ্বের ৪৫ শতাংশ মানুষ বাস করেন শহরে:

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮২০ কোটি। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ মানুষ শহরে বসবাস করেন।

নগরায়ণের বিস্তারের সাথে পাল্লা দিয়ে বাড়ছে মেগাসিটির সংখ্যাও। ২০২৫ সালে বিশ্বে ১ কোটির বেশি জনসংখ্যার শহর বা মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে। অথচ ১৯৭৫ সালে এ ধরনের শহরের সংখ্যা ছিল মাত্র আটটি।

জনসংখ্যা বৃদ্ধির এ প্রবণতা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের বড় শহরগুলোর চেহারা আরো বদলে যেতে পারে। সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে থাকবে ঢাকা— এমনই ইঙ্গিত দিচ্ছে জাতিসংঘের জনসংখ্যার পূর্বাভাস।

Logo