Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ডিভি লটারি ২০২৭ নিয়ে নতুন অনিশ্চয়তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১৫:২৩

ডিভি লটারি ২০২৭ নিয়ে নতুন অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) বা গ্রিন কার্ড লটারির নিবন্ধন কার্যক্রম নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আপিল আদালত নিম্ন আদালতের একটি আদেশ সাময়িকভাবে স্থগিত করায় আগামী ১ নভেম্বর থেকে নিবন্ধন শুরুর যে সম্ভাবনা ছিল, তা আপাতত বাস্তবায়ন হচ্ছে না।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ অক্টোবর নবম সার্কিট আপিল আদালত তিন বিচারকের একটি বেঞ্চে নিম্ন আদালতের নির্দেশনা স্থগিত করে। এর আগে ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করে এবং তা স্থগিত রাখার আবেদন জানায়।

এর ফলে ২০২৭ সালের ডিভি লটারিতে আবেদন করতে আগ্রহীদের অপেক্ষা আরো দীর্ঘ হতে পারে। কারণ আপিল আদালতের সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এখন ১ নভেম্বরের মধ্যে নিবন্ধন কার্যক্রম চালু করতে হচ্ছে না।

ঘটনার সূত্রপাত ২০২৫ সালের ডিসেম্বরে, যখন ট্রাম্প প্রশাসন ডাইভারসিটি ভিসা কর্মসূচি স্থগিত করে। পরে ২০২৬ সালের আগস্টে পররাষ্ট্র দপ্তর আবারো ডিভি ভিসা ইস্যু কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয়।

এ অবস্থায় অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল ডিভি লটারি পুনরায় চালুর দাবিতে মামলা করে। ওই মামলার পর একটি ফেডারেল জেলা আদালত পররাষ্ট্র দপ্তরকে নিবন্ধন কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছিল। তবে আপিল আদালতের সাম্প্রতিক সিদ্ধান্তে সেই নির্দেশ আপাতত স্থগিত হয়ে গেছে।

আপিল আদালত তাদের পর্যবেক্ষণে বলেছে, মামলাটি করার ক্ষেত্রে আইন প্রতিষ্ঠানটির আইনি অবস্থান নিয়েও প্রশ্ন রয়েছে। আদালতের মতে, ডিভি কর্মসূচির উদ্দেশ্য হলো কম অভিবাসনকারী দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ দেওয়া, কোনো আইন প্রতিষ্ঠানের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করা নয়।

বর্তমানে ডিভি লটারির ভবিষ্যৎ চূড়ান্তভাবে নির্ভর করছে চলমান আপিলের রায়ের ওপর। ফলে ২০২৭ সালের ডিভি লটারি আদৌ চালু হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

প্রসঙ্গত, ডাইভারসিটি ভিসা কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৫৫ হাজার মানুষকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেওয়া হয়। যেসব দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসীর সংখ্যা তুলনামূলক কম, সেসব দেশের নাগরিকরা সাধারণত এই কর্মসূচির জন্য আবেদন করতে পারেন।

অভিবাসন বিশেষজ্ঞরা সম্ভাব্য আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণা এবং নির্ভরযোগ্য সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার পরামর্শ দিয়েছেন। কোনো অননুমোদিত ওয়েবসাইট, দালাল বা ভুয়া নিবন্ধন প্রস্তাবের বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তারা।

Logo