Logo
×

Follow Us

এশিয়া

জাপানের ওয়ার্কিং হলিডে ভিসায় ৩২ দেশ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ২০:২৪

জাপানের ওয়ার্কিং হলিডে ভিসায় ৩২ দেশ

তরুণদের জন্য জাপানে বসবাস, ভ্রমণ এবং সীমিত আকারে কাজ করার সুযোগ দিয়ে পরিচালিত ‘ওয়ার্কিং হলিডে’ কর্মসূচির আওতা বাড়িয়ে ৩২টি দেশ ও অঞ্চলে উন্নীত করেছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত এই কর্মসূচিতে ৩২টি দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।

জাপানের ওয়ার্কিং হলিডে কর্মসূচি মূলত সাংস্কৃতিক বিনিময়কে উৎসাহিত করার জন্য চালু করা হয়েছে। এই ভিসার আওতায় অংশগ্রহণকারীরা নির্দিষ্ট সময়ের জন্য জাপানে অবস্থান করতে পারেন এবং ভ্রমণ ব্যয় বহনে সহায়তার জন্য সীমিত পরিসরে কাজ করার সুযোগ পান। তবে কর্মসংস্থান নয়, সাংস্কৃতিক অভিজ্ঞতা অর্জনই এই ভিসার মূল উদ্দেশ্য।

১৯৮০ সালে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ওয়ার্কিং হলিডে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে জাপান এই কর্মসূচি চালু করে। এরপর ধাপে ধাপে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে এর পরিধি বৃদ্ধি করা হয়।

বর্তমানে কর্মসূচির আওতায় থাকা দেশ ও অঞ্চলগুলো হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ডেনমার্ক, তাইওয়ান, হংকং, নরওয়ে, পর্তুগাল, পোল্যান্ড, স্লোভাকিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, স্পেন, আর্জেন্টিনা, চিলি, আইসল্যান্ড, চেক প্রজাতন্ত্র, লিথুয়ানিয়া, সুইডেন, এস্তোনিয়া, নেদারল্যান্ডস, উরুগুয়ে, ফিনল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, মাল্টা এবং ইতালি।

তালিকায় কোনো দক্ষিণ এশীয় দেশ নেই। ফলে বাংলাদেশি নাগরিকরা বর্তমানে জাপানের ওয়ার্কিং হলিডে ভিসা কর্মসূচির আওতায় আবেদন করার সুযোগ পাচ্ছেন না।

বিশেষজ্ঞরা বলছেন, জাপানের শ্রমবাজারে বিদেশি কর্মীর চাহিদা বাড়লেও ওয়ার্কিং হলিডে ভিসা এবং দক্ষ কর্মী ভিসা দুটি ভিন্ন কর্মসূচি। বাংলাদেশিদের জন্য বর্তমানে জাপানে কর্মসংস্থানের প্রধান সুযোগ রয়েছে নির্দিষ্ট দক্ষতাভিত্তিক কর্মী (Specified Skilled Worker-SSW), টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং এবং অন্যান্য কর্মভিসা কর্মসূচির মাধ্যমে।

তাদের মতে, বাংলাদেশ যদি ভবিষ্যতে জাপানের সঙ্গে ওয়ার্কিং হলিডে চুক্তি করতে পারে, তাহলে উচ্চশিক্ষার্থী ও তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। তবে এ ধরনের সুযোগ চালুর জন্য দুই দেশের মধ্যে পৃথক দ্বিপক্ষীয় সমঝোতা প্রয়োজন।

Logo