আধুনিক পর্যটন শিল্পে ভ্রমণ এখন কেবল এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং আকাশপথের রন্ধনশৈলী ও রকমারি স্বাদের অভিজ্ঞতা এর এক অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এ বছরের মর্যাদাপূর্ণ ‘ওয়ার্ল্ড কুলিনারি অ্যাওয়ার্ডস ২০২৬’-এর চূড়ান্ত ফলাফলে উঠে এসেছে আকাশপথ ও বিমানবন্দরে সেরা খাবার পরিবেশনকারী এয়ারলাইন্স এবং বিমানবন্দরের তালিকা। এবারের আসরে বড় চমক দেখিয়ে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বাঘা বাঘা সংস্থাকে পেছনে ফেলে ‘ওয়ার্ল্ডস বেস্ট কুলিনারি এয়ারলাইন ২০২৬’ খেতাব জয় করেছে ভিয়েতনাম এয়ারলাইন্স। প্রথম কোনো এশীয় বিমান সংস্থা হিসেবে তারা এই বিরল গৌরব অর্জন করল।
প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স ও ক্যাথে প্যাসিফিকের মতো শীর্ষ এয়ারলাইন্সগুলোকে ছাড়িয়ে ভিয়েতনামের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ রন্ধনশিল্প বিশ্বমঞ্চে অনন্য স্বীকৃতি পেল। ভিয়েতনাম এয়ারলাইন্স তাদের ঋতু ও রুটভেদে মেনু সাজায়, যেখানে ইকোনমি ক্লাসে সিগনেচার ক্রিসপি ক্রোসাঁ বা সুস্বাদু সসের খাবারের পাশাপাশি বিজনেস ক্লাসে গন্তব্যভিত্তিক স্পেশাল মেনু পরিবেশন করা হয় (যেমন দক্ষিণ কোরিয়াগামী ফ্লাইটে বিবিনবাপ বা জিনসেং চিকেন স্যুপ)। এছাড়া ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়াগামী যাত্রীরা ফ্লাইটের আগেই খাবার প্রি-অর্ডারের সুবিধা পেয়ে থাকেন।
আকাশপথের পাশাপাশি ভূমিতে বা টার্মিনাল ডাইনিং বিচারে বিশ্বসেরার মুকুট জিতেছে লন্ডনের হিথ্রো বিমানবন্দর। দুবাই, কাতার, হংকং ও সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে পেছনে ফেলে হিথ্রো ‘ওয়ার্ল্ডস বেস্ট ফর এয়ারপোর্ট ডাইনিং ২০২৬’ খেতাব অর্জন করেছে।
হিথ্রোর চারটি টার্মিনালেই যাত্রীদের জন্য রয়েছে ক্যাফে থেকে শুরু করে বিশ্বমানের প্রিমিয়াম ডাইনিং ব্যবস্থা। এর মধ্যে টার্মিনাল ২-এর 'লে ক্যাফে লুই ভিতোঁ' এবং টার্মিনাল ৫-এ বিখ্যাত আন্তর্জাতিক শেফ গর্ডন রামজির ‘প্লেন ফুড মার্কেট’-এ পিৎজা, সুশি, নুডলস ও প্রথাগত ব্রিটিশ ‘ফিশ অ্যান্ড চিপস’ বিশ্বজুড়ে ভ্রমণকারীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
এয়ারলাইন্স লাউঞ্জ ডাইনিং ক্যাটাগরিতে বৈশ্বিক সেরা হয়েছে ‘টার্কিশ এয়ারলাইন্স ইন্টারন্যাশনাল লাউঞ্জ’। বিশ্বজুড়ে এডিনবরাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের লাউঞ্জে বুফে স্টাইলে ঐতিহ্যবাহী তুর্কি ও আন্তর্জাতিক প্রিমিয়াম খাবার পরিবেশন করা হয়।
অন্যদিকে, সাধারণ বিমানবন্দর লাউঞ্জের মধ্যে সেরা ডাইনিংয়ের স্বীকৃতি পেয়েছে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের সাউথ টার্মিনালের ‘ক্লাবরুমস’ (Clubrooms)। মৌসুমভিত্তিক সুস্বাদু মেন্যুর জন্য পরিচিত এই লাউঞ্জে সকালে 'এগস বেনেডিক্ট' ও বেলজিয়ান ওয়াফল থেকে শুরু করে রাতের খাবারে চিকেন সিজার সালাদ ও মরোক্কান নাট রোস্ট পরিবেশন করা হয়, যা বিশ্ব ভ্রমণকারীদের ট্রানজিটকালীন খাবার অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।
logo-1-1740906910.png)