ব্যাহত কানাডায় অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:১৮
কানাডায় অভিবাসী শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কর্মপরিবেশ এবং অনিরাপদ আবাসন দীর্ঘকাল ধরে নথিভুক্ত ও আলোচিত হলেও চিকিৎসা বা অসুস্থতার ছুটি নেওয়ার ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতার মুখে পড়ছেন তারা। বিশেষ করে যাদের ‘ক্লোজড ওয়ার্ক পারমিট’ রয়েছে, তারা অসুস্থতা বা কর্মক্ষেত্রে আঘাতের কথা জানালে কানাডায় তাদের আইনি অবস্থান বা স্থায়িত্ব বিপন্ন হতে পারে—এমন গভীর ভীতি থেকে চিকিৎসাসেবা নেওয়া থেকে বিরত থাকছেন। অভিবাসী শ্রমিকদের এই মৌলিক মানবাধিকার সংকট ও প্রাতিষ্ঠানিক বৈষম্য তুলে ধরতে আসছে একটি নতুন ও গবেষণালব্ধ যৌথ প্রতিবেদন।
আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখে ‘মধু ভার্মা মাইগ্র্যান্ট জাস্ট্রে সেন্টার’ এবং ‘কানাডিয়ান হেলথ কোয়ালিশন’-এর যৌথ উদ্যোগে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে ‘Excluded from care: Health care barriers for migrant workers in Canada’ শীর্ষক এই প্রতিবেদনটি। ১৮ নভেম্বর দুপুর ১২:০০ টায় (ইস্টার্ন টাইম) জুম প্ল্যাটফর্মে অনলাইনে এই রিপোর্টের আনুষ্ঠানিক প্রকাশনা ও প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রতিবেদনটির মোড়ক উন্মোচন এবং অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান কাঠামোগত বৈষম্য দূরীকরণে করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ প্যানেল অংশ নেবেন। কানাডিয়ান হেলথ কোয়ালিশনের অ্যান লাগাস ডওসনের সঞ্চালনায় এই ভার্চুয়াল সেমিনারে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরবেন দেশের খ্যাতনামা আইনবিদ, সমাজবিজ্ঞানী, নার্সিং গবেষক এবং সরাসরি ভুক্তভোগী অভিবাসী শ্রমিকরা।
প্যানেল আলোচকদের মধ্যে রয়েছেন ওটাওয়া বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সহযোগী অধ্যাপক এবং অভিবাসী স্বাস্থ্য ইক্যুইটি বিষয়ক চেয়ার ওয়াই. ওয়াই. চেন (Y.Y. Chen), যিনি কানাডার সুপ্রিম কোর্টে অভিবাসীদের স্বাস্থ্য অধিকার ও আইনি লড়াইয়ে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন। আরো উপস্থিত থাকবেন ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নার্সিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুসানা ক্যাক্সাজ, যিনি কৃষি খাতে অভিবাসীদের আবাসন ও স্বাস্থ্যগত আন্তঃসংযোগ নিয়ে গবেষণা করছেন; এবং ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. লিন্ডসে লারিওস, যিনি পরিবার ও প্রজনন রাজনীতির সাথে অভিবাসনের সম্পর্ক নিয়ে কাজ করছেন।
এছাড়া আলোচনায় সরাসরি অভিবাসী শ্রমিকদের অভিজ্ঞতা ও দাবি তুলে ধরতে যুক্ত থাকবেন অনট্রিওভিত্তিক কর্মী ও অধিকার আন্দোলনকারী অ্যালিসিয়া কার্টি, যিনি ২০২৬ সালের সার্বজনীন স্বাস্থ্যসেবার জন্য নেল টুসাউন্টের (Nell Toussaint) মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছেন; এবং নিউ ব্রান্সউইকের অভিবাসী শ্রমিক ও ‘মাইগ্র্যান্ট ওয়ার্কার্স অ্যালায়েন্স ফর চেঞ্জ’-এর সদস্য স্টেসি নাইশ।
প্রতিবেদনটির সহ-লেখক এবং কানাডিয়ান হেলথ কোয়ালিশনের ন্যাশনাল ডিরেক্টর ট্রেসি গ্লিন এবং কার্লটন বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন অ্যান্ড ডায়াস্পোরা স্টাডিজের গবেষক লুৎফুন্নেসা তানিয়া তাদের দীর্ঘ মাঠপর্যায়ের গবেষণার নির্যাস তুলে ধরবেন। গবেষকরা বলছেন, কানাডার অর্থনীতিতে অভিবাসী শ্রমিকদের অবদান অপরিসীম হওয়া সত্ত্বেও তাদের জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি এক দুর্গম পথ। বিশেষ করে অস্থায়ী ও আবদ্ধ কর্মসংস্থানের শর্তের কারণে শ্রমিকরা সামান্য সর্দি-কাশি থেকে শুরু করে গুরুতর অসুস্থতা বা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলেও চাকরি হারানোর ভয়ে চিকিৎসকের কাছে যেতে চান না।
logo-1-1740906910.png)