মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিম এলাকার একটি নির্মাণাধীন প্রকল্পে পরিচালিত অভিবাসন অভিযানে ১৯৯ জন বাংলাদেশিসহ ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।
কেদাহ ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন জানিয়েছেন, ১২ অক্টোবর পরিচালিত এই অভিযানে মোট ৬৯৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ১৮ থেকে ৫০ বছর বয়সী ৬৩০ জন বিদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে ৬২২ জন পুরুষ এবং ৮ জন নারী।
আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ৩৯৬ জন চীনের নাগরিক। এছাড়া ১৯৯ জন বাংলাদেশি, ১০ জন পাকিস্তানি, ৭ জন মিয়ানমারের নাগরিক, ৫ জন ভারতীয়, ৪ জন ঘানার নাগরিক, ৩ জন নাইজেরিয়ার নাগরিক, ২ জন কেনিয়ার নাগরিক, ২ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ১ জন নিউজিল্যান্ডের নাগরিক এবং ১ জন সেনেগালের নাগরিক রয়েছেন।
অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। কেউ কেউ নির্মাণাধীন ভবনের ছাদে উঠে যান এবং ঝুঁকিপূর্ণ স্থানে লুকিয়ে পড়েন, যার ফলে কিছু সময় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
কর্তৃপক্ষ জানায়, প্রায় পাঁচ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত নির্মাণ প্রকল্পে অভিযান পরিচালনা করতে গিয়ে কর্মকর্তাদের নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ভারী বৃষ্টির কারণে পিচ্ছিল পরিবেশ, অসম্পূর্ণ ভবন, খোলা লিফট শ্যাফট, উন্মুক্ত রড এবং ভারী যন্ত্রপাতির উপস্থিতি অভিযানকে ঝুঁকিপূর্ণ করে তোলে।
ইমিগ্রেশন বিভাগ নিয়োগকর্তা, প্রধান ঠিকাদার ও উপ-ঠিকাদারদের সতর্ক করে বলেছে, বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বৈধ পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এবং অভিবাসন-সংক্রান্ত সব নথি নিশ্চিত করতে হবে।
মোহাম্মদ রিদজুয়ান মোহাম্মদ জেইন বলেন, বিদেশি কর্মীরা যেন বৈধ কাগজপত্র নিয়ে মালয়েশিয়ায় কাজ করেন এবং দেশটির অভিবাসন আইন মেনে চলেন, তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
logo-1-1740906910.png)