মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি বাড়ছে, স্বস্তিতে বিদেশি কর্মীরা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। ২০২৭ সালের জুন থেকে দেশটির ন্যূনতম মাসিক মজুরি ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে ২ হাজার রিঙ্গিত করা হবে।
৯ অক্টোবর ২০২৭ সালের জাতীয় বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে ন্যূনতম মজুরির আওতায় থাকা কর্মীরা প্রতি মাসে অতিরিক্ত ৩০০ রিঙ্গিত বেশি বেতন পাবেন। সে হিসাবে বছরে তাদের আয় বাড়বে ৩ হাজার ৬০০ রিঙ্গিত।
মালয়েশিয়ায় বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী উৎপাদন, নির্মাণ, সেবা ও বিভিন্ন শ্রমনির্ভর খাতে কাজ করছেন। নতুন মজুরি কাঠামো কার্যকর হলে এসব খাতে কর্মরত অনেক বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ন্যূনতম মজুরি বৃদ্ধি প্রবাসী কর্মীদের জীবনযাত্রার ব্যয় সামাল দিতে সহায়ক হবে। একই সঙ্গে দেশে পাঠানো রেমিট্যান্সের পরিমাণেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাজেট ঘোষণায় দক্ষ কর্মী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকদের জন্য আলাদা বেতন কাঠামো উন্নয়নের পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত নীতিমালা এখনও প্রকাশ করা হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন মজুরি কার্যকর হওয়ার আগে প্রবাসী কর্মীদের নিজ নিজ নিয়োগচুক্তি এবং মালয়েশিয়া সরকারের আনুষ্ঠানিক নির্দেশনা যাচাই করা উচিত। কারণ সব খাত ও কর্মসংস্থান শ্রেণিতে একই নিয়ম প্রযোজ্য হবে কি না, তা পরবর্তী নির্দেশনায় স্পষ্ট করা হতে পারে।
বাংলাদেশি শ্রমবাজার বিশ্লেষকদের মতে, মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসংস্থান গন্তব্য। ফলে ন্যূনতম মজুরি বৃদ্ধির এই সিদ্ধান্ত সেখানে কর্মরত এবং ভবিষ্যতে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের জন্য একটি ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।
logo-1-1740906910.png)