Logo
×

Follow Us

অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় দেওয়া হচ্ছে ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮

অস্ট্রেলিয়ায় দেওয়া হচ্ছে ডেঙ্গুর টিকা ‘কিউডেঙ্গা’

ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে উদ্বেগের মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয়েছে ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’। বিশেষ করে বাংলাদেশসহ ডেঙ্গুপ্রবণ দেশগুলোতে ভ্রমণকারী প্রবাসীদের জন্য এটি বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ টিকাটির ব্যবহার অনুমোদনের পর এখন দেশটির বাসিন্দারা চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে সরাসরি এই টিকা নিতে পারছেন।

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি স্বস্তি প্রকাশ করেছেন বাংলাদেশি অভিবাসীরা। প্রতি বছর ছুটির মৌসুমে হাজারো প্রবাসী পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশে যান। কিন্তু দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়লে তাদের মধ্যে, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।

সিডনির লাকেম্বা এলাকার বাসিন্দা মোহাম্মদ ইরফান খান বলেন, সামনে দীর্ঘ ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সব সময় দুশ্চিন্তা থাকে।

তার ভাষায়, “অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকা সহজলভ্য হওয়ায় বড় ধরনের স্বস্তি পেয়েছি। চিকিৎসকের পরামর্শ নিয়ে সন্তানদের আগেই টিকা দেওয়ার কথা ভাবছি।”

আরেক প্রবাসী সৈয়দ আশরাফ আহমেদ বলেন, ডেঙ্গু এখন আর সাধারণ জ্বর নয়, অনেক ক্ষেত্রেই এটি প্রাণঘাতী হয়ে উঠছে।

তিনি বলেন, “দেশে পরিচিত মানুষের মৃত্যুর খবর শুনলে ভয় লাগে। দেশে যাওয়ার আগে টিকা নেওয়ার সুযোগ পাওয়া নিঃসন্দেহে স্বস্তির বিষয়।”

অস্ট্রেলিয়ার জাতীয় টিকাদান পরামর্শক কমিটি জানিয়েছে, চার বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা কিউডেঙ্গা টিকা নিতে পারবেন। বিশেষ করে যারা আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং ভবিষ্যতে ডেঙ্গুপ্রবণ অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের জন্য টিকাটি নেওয়ার জোরালো পরামর্শ দেওয়া হয়েছে।

টিকাটি দুই ডোজে দেওয়া হয়। প্রথম ডোজ নেওয়ার অন্তত ১২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নিতে হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. পিটার মার্কি বলেছেন, ডেঙ্গুর চারটি আলাদা ধরন রয়েছে। একজন ব্যক্তি একবার একটি ধরনে আক্রান্ত হওয়ার পর অন্য ধরনের ভাইরাসে আক্রান্ত হলে রোগটি মারাত্মক রূপ নিতে পারে।

তার মতে, যারা নিয়মিত ডেঙ্গুপ্রবণ দেশে ভ্রমণ করেন অথবা দীর্ঘ সময় অবস্থান করেন, তাদের জন্য এই টিকা গুরুত্বপূর্ণ সুরক্ষা দিতে পারে।

বিশ্ব স্বাস্থ্য পরিসংখ্যান অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। অস্ট্রেলিয়ায় শনাক্ত হওয়া ডেঙ্গু রোগীদের প্রায় সবাই বিদেশ ভ্রমণ করে সংক্রমিত হয়ে ফেরেন।

অস্ট্রেলিয়ার চিকিৎসকেরা ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভারত এবং বাংলাদেশের মতো ডেঙ্গুপ্রবণ দেশে ভ্রমণের আগে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিচ্ছেন।

Logo