Logo
×

Follow Us

ইউরোপ

আবাসন সংকটে স্পেনে বিক্ষোভ, রাস্তায় নেমেছে লাখো মানুষ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৩

আবাসন সংকটে স্পেনে বিক্ষোভ, রাস্তায় নেমেছে লাখো মানুষ

স্পেনে ক্রমবর্ধমান আবাসন সংকটকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মাদ্রিদসহ প্রায় ৫০টি শহরে লাখো মানুষ রাস্তায় নেমে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ, উচ্ছেদ বন্ধ এবং সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

৩ অক্টোবরের এই বিক্ষোভকে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম বড় আবাসন আন্দোলন হিসেবে দেখা হচ্ছে। বিক্ষোভকারীদের অনেকের হাতেই ছিল সাধারণ ধর্মঘটের আহ্বানসংবলিত পোস্টার। তারা অভিযোগ করেন, আবাসন সংকট মোকাবিলায় সরকারের পদক্ষেপ ব্যর্থ হয়েছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে।

বিক্ষোভের পেছনে বড় কারণ হয়ে উঠেছে স্পেনের পার্লামেন্টে সরকারের প্রস্তাবিত আবাসন সংস্কার পরিকল্পনা প্রত্যাখ্যাত হওয়া। গত শুক্রবার আবাসন খাত নিয়ে পেদ্রো সানচেজ সরকারের দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সংসদে পাস হয়নি।

প্রস্তাবগুলোর মধ্যে ২০৩০ সাল পর্যন্ত উচ্ছেদ স্থগিত রাখা, অস্থায়ী ভাড়া নিয়ন্ত্রণ এবং কক্ষভিত্তিক ভাড়ার ওপর বিধিনিষেধ আরোপের মতো পদক্ষেপ ছিল।

মাদ্রিদে সম্প্রতি ৮৭ বছর বয়সী এক নারীকে দীর্ঘদিনের বাসা থেকে উচ্ছেদের ঘটনা জনমনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। অভিযোগ রয়েছে, একটি বিনিয়োগ তহবিল তার ভাড়া ২৩০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেয়, যা তার পক্ষে পরিশোধ করা সম্ভব ছিল না। পরে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এই ঘটনার পর দেশজুড়ে আবাসন সংকট নিয়ে ক্ষোভ আরো তীব্র হয়ে ওঠে।

বিক্ষোভে অংশ নেওয়া ২৬ বছর বয়সী নান্দো দে আঙ্গুলো বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক।

তার ভাষায়, “জনগণকে রাজনীতিকদের সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। অথচ জনগণের চাহিদার সঙ্গে রাজনীতিকে মানিয়ে নেওয়ার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না। এভাবে চলতে পারে না।”

বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। কর্তৃপক্ষের হিসাবে প্রায় ৭০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তবে আয়োজকদের দাবি, দেশজুড়ে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আবাসন সংকট এখন স্পেনের অন্যতম প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। সরকারের প্রস্তাবিত আইন পাস না হওয়ায় প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের ওপর চাপ আরো বেড়েছে।

দেশটির বিভিন্ন গণমাধ্যমে ইতোমধ্যে নভেম্বরে আগাম নির্বাচনের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পর্যবেক্ষকদের ধারণা, জনমত ও চলমান বিক্ষোভের মাত্রা পরিস্থিতিকে নতুন রাজনৈতিক দিকে নিয়ে যেতে পারে।

তবে অধিকাংশ শহরে বিক্ষোভ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্সিয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। একপর্যায়ে প্রায় ৩০ জন বিক্ষোভকারী শহরের বিখ্যাত সাংস্কৃতিক স্থাপনা ‘সিটি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস’-এ প্রবেশ করলে পুলিশ তাদের সেখান থেকে বের করে দেয়।

Logo