মালয়েশিয়ায় ১০ হাজারের বেশি অভিযানে গ্রেপ্তার ৩৭ হাজারের বেশি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩
মালয়েশিয়ায় চলতি বছরের প্রথম ৯ মাসে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ১০ হাজার ৩৭৪টি অভিযান পরিচালনা করেছে সরকার। এসব অভিযানে ১ লাখ ৩৭ হাজার ৬০৩ জনের তথ্য যাচাই করা হয় এবং ৩৭ হাজার ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, ১ জানুয়ারি থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অভিবাসন বিভাগ যৌথভাবে দেশজুড়ে এসব অভিযান পরিচালনা করেছে।
তিনি বলেন, শুধু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালালেই হবে না, তাদের নিয়োগ, আশ্রয় বা সহযোগিতা দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। এ সময় অবৈধ অভিবাসী নিয়োগ বা সুরক্ষা দেওয়ার অভিযোগে ১ হাজার ৮০৯ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৬৯২ জন মালয়েশিয়ার নাগরিক।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিয়োগকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হারও বাড়ছে। ২০২৩ সালে এ ধরনের অভিযোগে ৩৪৬ জন, ২০২৪ সালে ১ হাজার ৮৫৯ জন এবং ২০২৫ সালে ২ হাজার ২০২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
বিদেশিদের উদ্দেশে তিনি বলেন, মালয়েশিয়ায় কাজ বা ভ্রমণের জন্য আসা সবাইকে দেশটির অভিবাসন আইন মেনে চলতে হবে। বিশেষ করে অবৈধ অনুপ্রবেশ, জাল কাগজপত্র ব্যবহার এবং অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার মতো অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সাইফুদ্দিন নাসুতিওন বলেন, অবৈধ অভিবাসন শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এটি দেশের অর্থনীতি, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িত। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অভিবাসন বিভাগ ভবিষ্যতেও দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
logo-1-1740906910.png)