অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব হোম অ্যাফেয়ার্স পার্মানেন্ট প্রটেকশন ভিসা আবেদনের ক্ষেত্রে কোন কোন পরিবারের সদস্য একই আবেদনে অন্তর্ভুক্ত হতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে।
নির্দেশনা অনুযায়ী, আবেদন জমা দেওয়ার সময় পরিবারের সব সদস্যকে অস্ট্রেলিয়ায় অবস্থান করতে হবে এবং প্রত্যেককে পৃথকভাবে ভিসার যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
একই আবেদনে অন্তর্ভুক্ত করা যেতে পারে পরিবারের প্রধান সদস্যের স্বামী বা স্ত্রী, ডি-ফ্যাক্টো পার্টনার, নির্ভরশীল সন্তান বা সৎসন্তান, সঙ্গীর নির্ভরশীল সন্তান, বাবা-মা, ভাই-বোন, দাদা-দাদি বা নানা-নানি, নাতি-নাতনি, চাচা-ফুপু বা মামা-খালা, চাচাতো-মামাতো-খালাতো-ফুফাতো ভাইবোন, ভাতিজা-ভাতিজি বা ভাগনে-ভাগনি। এসব সম্পর্কের সৎ আত্মীয়রাও নির্দিষ্ট শর্তে অন্তর্ভুক্ত হতে পারবেন।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের প্রধান ব্যক্তি সব সময় মূল আবেদনকারী হতে হবে এমন নয়। পরিবারের এমন কোনো সদস্যকেও পরিবারপ্রধান হিসেবে ধরা যেতে পারে, যিনি এখনো ভিসার জন্য আবেদন করেননি।
নির্ভরশীল সন্তানের ক্ষেত্রে সাধারণত বয়স ১৮ বছরের নিচে হতে হবে। তবে ১৮ বছরের বেশি বয়সী সন্তান শারীরিক বা মানসিক অক্ষমতার কারণে কর্মক্ষম না হলে, অথবা আর্থিক, মানসিক বা শারীরিকভাবে বাবা-মা বা সৎ বাবা-মায়ের ওপর নির্ভরশীল হলে তাকে নির্ভরশীল হিসেবে বিবেচনা করা যেতে পারে।
তবে বিবাহিত, বাগদান সম্পন্ন বা ডি-ফ্যাক্টো সম্পর্কের মধ্যে থাকা সন্তানদের নির্ভরশীল হিসেবে গণ্য করা হবে না। সেক্ষেত্রে তাদের আলাদা আবেদন করতে হবে।
অন্য আত্মীয়দের ক্ষেত্রে শর্ত হলো, তাদের কোনো সঙ্গী বা ডি-ফ্যাক্টো পার্টনার থাকা যাবে না, সাধারণভাবে পরিবারপ্রধানের সঙ্গে বসবাস করতে হবে এবং আর্থিক, মানসিক বা শারীরিক সহায়তার জন্য মূলত তার ওপর নির্ভরশীল হতে হবে।
ভিসা অনুমোদনের আগে পরিবারের সব সদস্যকে স্বাস্থ্য, চরিত্র ও নিরাপত্তা সংক্রান্ত শর্ত পূরণ করতে হবে।
এদিকে আবেদন জমা দেওয়ার পর অস্ট্রেলিয়ায় কোনো শিশুর জন্ম হলে, সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাকে স্বয়ংক্রিয়ভাবে চলমান আবেদনের অংশ হিসেবে গণ্য করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্ধারিত ফরম ও জন্মসনদ জমা দিয়ে অবহিত করতে হবে।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ আরো জানিয়েছে, কোনো শিশুর জন্মের সময় যদি তার বাবা-মায়ের কাছে বৈধ ভিসা থাকে, তাহলে শিশুও একই ধরনের ভিসা সুবিধা পেতে পারে। আর বাবা কিংবা মা যদি অস্ট্রেলিয়ার নাগরিক বা স্থায়ী বাসিন্দা হন, তাহলে শিশুটি জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক হওয়ার যোগ্য হতে পারে।
logo-1-1740906910.png)