Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

কানাডায় বৃত্তি: মিলবে ৬০ হাজার কানাডিয়ান ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১৯:৫২

কানাডায় বৃত্তি: মিলবে ৬০ হাজার কানাডিয়ান ডলার

কানাডার ইউনিভার্সিটি অব অটোয়া ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঘোষণা দিয়েছে একাধিক বৃত্তি ও আর্থিক সহায়তা কর্মসূচি। স্নাতক, মাস্টার্স ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা যোগ্যতা অনুযায়ী এসব সুবিধার জন্য বিবেচিত হবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জানুয়ারি ও সেপ্টেম্বর ২০২৭ সেশনের স্নাতক ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আবেদনকারীদের প্রথমে পছন্দের প্রোগ্রামে ভর্তি আবেদন করতে হবে। এরপর যোগ্য শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট বৃত্তির জন্য বিবেচনা করা হবে।

ইংরেজি মাধ্যমে অধ্যয়নরত আন্তর্জাতিক স্নাতক শিক্ষার্থীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় সুযোগগুলোর একটি হলো ‘ইন্টারন্যাশনাল ইংলিশ অ্যাডমিশন স্কলারশিপ’। এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা প্রতি শিক্ষাবর্ষে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে প্রতি টার্মে ৭ হাজার ৫০০ কানাডিয়ান ডলার পর্যন্ত সহায়তা পেতে পারেন।

আটটি অধ্যয়ন মেয়াদে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৬০ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।

এছাড়া রয়েছে ‘ইন্টারন্যাশনাল ইংলিশ একাডেমিক এক্সেলেন্স স্কলারশিপ’। এ বৃত্তির আওতায় অতিরিক্ত ১০ হাজার কানাডিয়ান ডলার দেওয়া হবে। এটি নবায়নযোগ্য নয় এবং প্রতি বছর সীমিতসংখ্যক শিক্ষার্থী নির্বাচন করা হয়।

এই বৃত্তির জন্য আবেদনকারীর ভর্তি গড় নম্বর কমপক্ষে ৯৫ শতাংশ হতে হবে। নির্বাচনের ক্ষেত্রে প্রতিযোগিতা বেশ বেশি থাকে। ফরাসি ভাষায় পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য পৃথক অর্থায়ন সুবিধা রয়েছে। ‘ডিফারেনশিয়াল টিউশন ফি এক্সেম্পশন স্কলারশিপ’-এর মাধ্যমে অনেক ক্ষেত্রে প্রতি টার্মে ১২ হাজার ৫০০ থেকে ১৮ হাজার কানাডিয়ান ডলার পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে।

তবে ফরাসিভাষী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এই সুবিধার সঙ্গে ইংরেজি ভাষার বৃত্তিগুলো একসঙ্গে গ্রহণ করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, ইংরেজি মাধ্যমে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সাধারণত আইইএলটিএসে সামগ্রিকভাবে ৬.৫ স্কোর প্রয়োজন। তবে ডুয়োলিঙ্গো, টোয়েফলসহ অন্যান্য স্বীকৃত পরীক্ষার ফলাফলও গ্রহণযোগ্য। কিছু ক্ষেত্রে নির্দিষ্ট দেশের শিক্ষার্থীরা ইংরেজি মাধ্যমে দীর্ঘ সময় পড়াশোনার প্রমাণ দিতে পারলে ভাষা দক্ষতার পরীক্ষার বাধ্যবাধকতা থেকেও ছাড় পেতে পারেন।

মাস্টার্স ও পিএইচডি শিক্ষার্থীদের জন্যও রয়েছে আলাদা অর্থায়ন ব্যবস্থা। বিশেষ করে আন্তর্জাতিক পিএইচডি আবেদনকারীদের জন্য চার বছরের একটি অর্থায়ন প্যাকেজ দেওয়া হতে পারে, যার মূল্য অন্তত ৭২ হাজার কানাডিয়ান ডলার।

এর মধ্যে বার্ষিক বৃত্তি এবং বিভিন্ন একাডেমিক ইউনিটের আর্থিক সহায়তা অন্তর্ভুক্ত থাকতে পারে। কিছু ক্ষেত্রে গবেষণা বা শিক্ষণ সহকারী হিসেবে কাজের সুযোগও যুক্ত থাকে।

আবেদন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রথমে অন্টারিও ইউনিভার্সিটিজ অ্যাপ্লিকেশন সেন্টারের (ওইউএসি) মাধ্যমে ভর্তি আবেদন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রয়োজনীয় একাডেমিক নথি ও ভাষাগত যোগ্যতার তথ্য জমা দিতে হবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, জানুয়ারি ২০২৭ সেশনের স্নাতক ভর্তির আবেদনের শেষ সময় ১৭ অক্টোবর ২০২৬। প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে ১ নভেম্বরের মধ্যে।

অন্যদিকে সেপ্টেম্বর ২০২৭ সেশনের আবেদন ইতোমধ্যে শুরু হয়েছে। প্রতিযোগিতা এড়াতে ১৫ জানুয়ারি ২০২৭-এর আগেই আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয়।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকৃষ্ট করতে সাম্প্রতিক বছরগুলোতে কানাডার বিশ্ববিদ্যালয়গুলো বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগ বাড়িয়েছে। ইউনিভার্সিটি অব অটোয়ার এই নতুন অর্থায়ন প্যাকেজও সেই ধারার অংশ, যা বিদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ব্যয় কিছুটা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Logo