Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ২১:১৪

২০ মাসে আড়াই লাখের বেশি ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে ভিসা নীতিতে কঠোরতা বেড়েছে। গত ২০ মাসে তার প্রশাসন আড়াই লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা যাচাই প্রক্রিয়া কঠোর করা এবং অবৈধ অভিবাসনের বিরুদ্ধে অভিযান জোরদারের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি নাগরিকদের ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভিসার শর্ত লঙ্ঘন, অপরাধে জড়িয়ে পড়া, যুক্তরাষ্ট্র বা মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি দেওয়া, প্রতারণা, অভিবাসন ব্যবস্থার অপব্যবহার কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেছেন, এটি একটি ঐতিহাসিক মাইলফলক। প্রশাসনের এই উদ্যোগ মার্কিন জনগণকে সুরক্ষিত রাখার অঙ্গীকারের প্রতিফলন। তিনি সতর্ক করে বলেন, “মার্কিন ভিসা কোনো অধিকার নয়, বরং বিশেষ সুযোগ। জননিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা ব্যক্তিদের শনাক্ত করতে যাচাই-বাছাই অব্যাহত থাকবে।”

বাতিল হওয়া ভিসার মধ্যে ২ হাজার ৩০০টি ছিল ‘বার্থ ট্যুরিজম’-এর সঙ্গে সংশ্লিষ্ট। বিদেশি সন্তানসম্ভবা নারীরা সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার চেষ্টা করলে সেটিকে বার্থ ট্যুরিজম হিসেবে চিহ্নিত করা হয়।

এছাড়া দুর্নীতির অভিযোগে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর বর্তমান ও সাবেক ২৭ জন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে গত আগস্টে একই ধরনের অভিযানে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করা হয়েছিল। তখন হামলা, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে এসব ভিসা বাতিল করা হয়।

Logo