Logo
×

Follow Us

এশিয়া

জাপানে ভিসা নবায়ন ও স্থায়ী আবাসনের ফি বাড়ছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮

জাপানে ভিসা নবায়ন ও স্থায়ী আবাসনের ফি বাড়ছে

জাপানে বসবাসরত বিদেশিদের জন্য বড় পরিবর্তন আসছে। ১ অক্টোবর থেকে ভিসা নবায়ন ও স্থায়ী আবাসনের আবেদন ফি বাড়ানো হচ্ছে। ইমিগ্রেশন সার্ভিসেস এজেন্সি জানিয়েছে, এই সিদ্ধান্ত মে মাসে পাস হওয়া ইমিগ্রেশন কন্ট্রোল অ্যাক্ট সংশোধনের অংশ।

আগে ভিসা নবায়নের সর্বোচ্চ ফি ছিল মাত্র ৬ হাজার ইয়েন। স্থায়ী আবাসনের আবেদন ফি ছিল ১০ হাজার ইয়েন। নতুন নিয়মে তা বেড়ে দাঁড়াচ্ছে যথাক্রমে ৭৫ হাজার ইয়েন ও ২ লাখ ইয়েন। অর্থাৎ কয়েক গুণ বৃদ্ধি।

ফি নির্ধারণ করা হবে বসবাসের মেয়াদ অনুযায়ী। তিন মাস পর্যন্ত ভিসার জন্য ফি হবে ১০ হাজার ইয়েন। ছয় মাস পর্যন্ত ১৮ হাজার ইয়েন। এক বছরের জন্য ২৫ হাজার ইয়েন। এক বছরের বেশি হলে ধাপে ধাপে ফি বাড়বে। তিন বছরের জন্য ৪৮ হাজার ইয়েন, পাঁচ বছরের জন্য ৭৫ হাজার ইয়েন। স্থায়ী আবাসনের আবেদন ফি সর্বোচ্চ ২ লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এই পরিবর্তন শুধু ফি বাড়ানো নয়, নতুন প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনাও রয়েছে। ২০২৮ অর্থবছরে চালু হবে জাপান ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন। এটি মূলত ভিসা ছাড়াই স্বল্পমেয়াদি ভ্রমণের অনুমতি পাওয়া ৭৪টি দেশ ও অঞ্চলের নাগরিকদের জন্য।

ভ্রমণকারীদের যাত্রার কয়েক দিন আগে অনলাইনে নাম, ভ্রমণের উদ্দেশ্য ও গন্তব্য জানাতে হবে। তথ্য যাচাই করা হবে অপরাধ রেকর্ড ও অন্যান্য ডাটাবেসের সঙ্গে। যদি অবৈধভাবে অবস্থানের সন্দেহ থাকে, তবে তাদের বিমানে বা জাহাজে উঠতে দেওয়া হবে না।

জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা ২০২৫ সালের শেষে দাঁড়িয়েছে প্রায় ৪১ লাখ ৩০ হাজারে। এটি রেকর্ড সর্বোচ্চ। ফলে অভিবাসন ও ভিসা ব্যবস্থাপনায় কঠোরতা আনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

Logo