নতুন গ্রিন কার্ড বিল: বড় পরিবর্তনের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড ব্যবস্থায় বড় পরিবর্তনের প্রস্তাব এসেছে। রিপাবলিকান সিনেটর টমি টিউবারভিল ২৩ সেপ্টেম্বর ‘আমেরিকানস ফার্স্ট ইমিগ্রেশন অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেছেন। এটি এখনো আইন হয়নি, তবে প্রস্তাবিত পরিবর্তনগুলো কার্যকর হলে অভিবাসন ব্যবস্থায় বড় রদবদল আসতে পারে।
সবচেয়ে বড় পরিবর্তন হতে পারে চাকরিভিত্তিক গ্রিন কার্ডে। বর্তমানে যে ইবি-১, ইবি-২, ইবি-৩ ক্যাটাগরি রয়েছে, তা বাদ দিয়ে পয়েন্টভিত্তিক ব্যবস্থা চালুর প্রস্তাব করা হয়েছে। পয়েন্ট দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা, ইংরেজি দক্ষতা, বয়স, বেতন ও চাকরির অফার, সামরিক সেবা এবং বিশেষ অর্জনের ভিত্তিতে। অর্থাৎ শুধু যোগ্যতা নয়, অর্থনৈতিক অবদান ও ভাষাগত দক্ষতাও হবে মূল মানদণ্ড।
এই ব্যবস্থায় আবেদনকারীদের সাধারণত একটি মার্কিন চাকরির অফার থাকতে হবে। নির্দিষ্ট বয়স ও ইংরেজি দক্ষতার শর্ত পূরণ করতে হবে। একই সঙ্গে নিয়োগকর্তাদের আগে মার্কিন নাগরিকদের নিয়োগের চেষ্টা করতে হবে। বিদেশি কর্মীরা যেন স্থানীয়দের চাকরি কেড়ে না নেয়, সেটিও নিশ্চিত করতে হবে।
ভারতীয় পেশাজীবীদের জন্য এটি বড় পরিবর্তন হতে পারে। কারণ তারা দীর্ঘদিন ধরে চাকরিভিত্তিক গ্রিন কার্ডের দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন। নতুন পয়েন্টভিত্তিক ব্যবস্থা কার্যকর হলে যোগ্যতা নির্ধারণের নিয়ম বদলে যাবে। তবে এখনই কোনো আবেদন বাতিল হচ্ছে না। বর্তমান নিয়মই চালু রয়েছে।
পরিবারভিত্তিক অভিবাসনেও পরিবর্তনের প্রস্তাব আছে। বর্তমানে বাবা-মা, ভাই-বোনসহ বিভিন্ন আত্মীয়কে স্পন্সর করার সুযোগ রয়েছে। নতুন প্রস্তাবে তা সীমিত করে দেওয়া হবে শুধু স্ত্রী-স্বামী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য। এতে অনেক ভারতীয় পরিবার ক্ষতিগ্রস্ত হতে পারে।
ডাইভারসিটি ভিসা লটারি সম্পূর্ণ বাতিল করার প্রস্তাবও এসেছে। এর পরিবর্তে পয়েন্টভিত্তিক ব্যবস্থা চালু হবে। তবে ভারতের জন্য এর প্রভাব সীমিত। কারণ ভারত অনেক বছর ধরেই এই লটারির বাইরে থাকে, অভিবাসন সংখ্যা বেশি হওয়ায়। কিন্তু অন্য দেশগুলোর জন্য এটি বড় পরিবর্তন হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বিল এখনো আইন হয়নি। এটি কংগ্রেসে বিচারাধীন। অনুমোদন ও কার্যকর হওয়ার আগে আরো অনেক ধাপ পেরোতে হবে। তাই আবেদনকারীদের এখনই পরিকল্পনা বদলানোর প্রয়োজন নেই।
বর্তমান নিয়ম অনুযায়ী চাকরিভিত্তিক গ্রিন কার্ড, পরিবারভিত্তিক অভিবাসন ও অন্যান্য প্রোগ্রাম চালু রয়েছে। প্রস্তাবিত নিয়মগুলো ভবিষ্যতে কার্যকর হতে পারে, তবে এখনই তা প্রযোজ্য নয়।
ভারতীয় পেশাজীবী ও পরিবারগুলোকে তাই ইউএসসিআইএস ও স্টেট ডিপার্টমেন্টের নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে বিলের অগ্রগতি নজরে রাখতে হবে।
logo-1-1740906910.png)