যুক্তরাজ্যে ৬৩ দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা সহজ হলো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪
যুক্তরাজ্য সরকার নতুন নির্দেশনায় জানিয়েছে, ৬৩ দেশের শিক্ষার্থীদের আর স্টুডেন্ট ভিসার জন্য অর্থ প্রমাণ করতে হবে না। এই সুবিধা এসেছে “ডিফারেনশিয়াল এভিডেন্স রিকোয়ারমেন্ট” নীতির আওতায়। অর্থাৎ আবেদনকারীদের জীবনযাপনের খরচ দেখাতে হবে না। তবে কোর্স ফি প্রদানের সক্ষমতা প্রমাণ করতে হবে।
তালিকায় যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোসহ অনেক রাষ্ট্র রয়েছে। এছাড়া ব্রিটিশ ওভারসিজ ন্যাশনালসও এই সুবিধা পাবেন। তবে এই তালিকায় নেই বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার কোনো দেশ।
তবে যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রয়োজনে আবেদনকারীদের কাছে আর্থিক প্রমাণ চাইতে পারে। আবেদন জমা দেওয়ার পর যদি প্রয়োজন হয়, কর্তৃপক্ষ যোগাযোগ করবে।
যেসব শিক্ষার্থীকে অর্থ প্রমাণ করতে হয়, তাদের লন্ডনে পড়াশোনার ক্ষেত্রে মাসে ১ হাজার ৫২৯ পাউন্ড এবং লন্ডনের বাইরে মাসে ১ হাজার ১৭১ পাউন্ড দেখাতে হয়। সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত এই হিসাব প্রযোজ্য। অর্থ অন্তত ২৮ দিন ধরে ব্যাংকে থাকতে হবে এবং আবেদন করার ৩১ দিনের মধ্যে সেই সময়সীমা শেষ হতে হবে।
শিক্ষার্থীদের এক বছরের কোর্স ফি প্রদানের সক্ষমতাও দেখাতে হয়। এটি তাদের CAS-এ উল্লেখ থাকে। তবে যারা গত ১২ মাস ধরে যুক্তরাজ্যে বৈধ ভিসায় বসবাস করেছেন বা স্টুডেন্ট ইউনিয়নের সাবাটিক্যাল অফিসার হিসেবে আবেদন করছেন, তাদেরও অর্থ প্রমাণ করতে হয় না।
এই নতুন ছাড় শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তি। বিশেষ করে উন্নত দেশ থেকে আসা শিক্ষার্থীরা সহজে আবেদন করতে পারবেন। তবে অন্য শর্তগুলো যেমন স্বাস্থ্য, চরিত্র যাচাই ও কোর্স ফি প্রদানের সক্ষমতা অপরিবর্তিত থাকবে।
logo-1-1740906910.png)