মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণে সতর্কতা জারি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১
যুক্তরাষ্ট্র সৌদি আরবে ভ্রমণের ক্ষেত্রে তাদের নাগরিকদের জন্য নতুন সতর্কতা জারি করেছে। ওয়াশিংটন জানিয়েছে, এখন থেকে সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। এ জন্য ‘সতর্কতা লেভেল ৩’ ঘোষণা করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন এলাকায় মার্কিন স্বার্থের ওপর ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি রয়েছে। একই সঙ্গে হুতিদের হামলার কারণে কিছু এলাকায় নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে।
ইয়েমেনে ভ্রমণের ক্ষেত্রে আগেই ‘সতর্কতা লেভেল ৪’ জারি রয়েছে। সেখানে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
২০১৫ সাল থেকে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের সংঘাত চলছে। ওই সময় তারা রাজধানী সানা দখল করে নেয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর সৌদি আরবও এ লড়াইয়ে জড়িয়ে পড়ে। চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে এই সংঘাত নতুন মাত্রা পেয়েছে।
সৌদি আরব অভিযোগ করেছে, হুতিরা পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন ছুড়েছে। এ কারণে শহরটিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। কয়েক মিনিটের মধ্যে সতর্কতা তুলে নেওয়া হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই ধরনের সতর্কতা জারি হয়েছিল তাইফ ও জেদ্দাতেও।
সর্বশেষ ২০১৭ সালে হুতিরা মক্কায় হামলার চেষ্টা করেছিল। এরপর এবারই প্রথম শহরটিতে নিরাপত্তা সতর্কতা জারি করা হলো।
যুক্তরাষ্ট্র বলছে, আঞ্চলিক অস্থিরতা ও হুতিদের হামলার কারণে সৌদি আরবে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
logo-1-1740906910.png)