মার্কিন এইচ-১বি ভিসায় গ্রেস পিরিয়ড বাতিলের প্রস্তাব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬
যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসাধারী কর্মীরা চাকরি হারানোর পর নতুন কাজ খুঁজে নেওয়ার জন্য ৬০ দিনের সময় পেতেন। এই সুবিধা বাতিলের প্রস্তাব করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম কার্যকর হলে চাকরি শেষ হওয়ার পরপরই কর্মীদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ প্রস্তাবটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, চাকরি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কর্মীদের দেশ ছাড়তে হবে। তবে কোনো মার্কিন প্রতিষ্ঠান পরে তাদের নিয়োগ দিতে চাইলে নতুন করে আবেদন করে ফিরিয়ে আনার সুযোগ থাকবে।
২০১৭ সাল থেকে ৬০ দিনের গ্রেস পিরিয়ড চালু ছিল। চাকরি হারানো বিদেশি কর্মীরা এ সময়ের মধ্যে নতুন চাকরি খুঁজে নিতে পারতেন। একই সঙ্গে তারা বাড়ি বিক্রি, সন্তানদের স্কুল পরিবর্তনসহ পারিবারিক বিষয় গুছিয়ে নেওয়ার সুযোগ পেতেন।
আইন বিশেষজ্ঞ ও অভিবাসন অধিকারকর্মীরা প্রস্তাবটির কড়া সমালোচনা করেছেন। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্যাব্রিয়েল চিন বলেছেন, বহু বছর ধরে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত কর্মীদের এভাবে হুট করে বের করে দেওয়া চরম অন্যায়। অভিবাসন আইনজীবীরা বলছেন, নতুন নিয়ম হলে কোম্পানিগুলোকে ছাঁটাইয়ের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অভিবাসন অধিকার সংগঠন এফডব্লিউডি ডট ইউএসও প্রস্তাবটির সমালোচনা করেছে।
১৯৯০ সালে মার্কিন কংগ্রেসে এইচ-১বি ভিসা অনুমোদিত হয়। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে এ ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত ও চীন থেকে দক্ষ কর্মী নিয়োগে এটি ব্যবহৃত হয়। ডেলয়েট, পিডব্লিউসি, আর্নস্ট অ্যান্ড ইয়ংয়ের মতো পরামর্শক প্রতিষ্ঠান এবং টাটা কনসালট্যান্সি সার্ভিসেস, ইনফোসিস, এইচসিএলটেক ও এলটিআইমাইন্ডট্রি বড় স্পন্সর।
এইচ-১বি ছাড়াও ই-১, ই-২, এল-১, ও-১ ও টিএন ভিসাধারীরা নতুন নিয়মের আওতায় পড়বেন। সিঙ্গাপুর ও চিলির এইচ-১বি১ এবং অস্ট্রেলিয়ার ই-৩ ভিসাধারীরাও এতে অন্তর্ভুক্ত থাকবেন।
প্রস্তাবটি চূড়ান্ত করার আগে দুই মাস জনমত নেওয়া হবে। এরপরই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো বিদেশি কর্মীর জীবন ও পরিবারে বড় ধরনের প্রভাব পড়বে। চাকরি হারানোর সঙ্গে সঙ্গে দেশ ছাড়তে বাধ্য হওয়া তাদের জন্য বড় ধাক্কা হবে। অভিবাসন নীতির এই পরিবর্তন প্রযুক্তি খাতেও প্রভাব ফেলতে পারে।
logo-1-1740906910.png)