কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২
কলকাতায় ভ্রমণের আগে বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। ৩ সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসনের পদক্ষেপের কারণে অনেক হোটেল ও রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে চিকিৎসা বা অন্যান্য কারণে কলকাতায় ভ্রমণকারীদের অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতায় আগমনের পূর্বেই সংশ্লিষ্ট হোটেলের বুকিং নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হোটেলের বর্তমান কার্যক্রম, কক্ষের প্রাপ্যতা ও অবস্থান সম্পর্কে যথাযথভাবে অবগত হয়ে ভ্রমণ করা জরুরি। চিকিৎসার উদ্দেশ্যে আগত রোগীর সফরসঙ্গীদেরও হোটেল বুকিং নিশ্চিত করতে হবে।
চিকিৎসার জন্য কলকাতায় আসা রোগী ও তাদের পরিবারের সদস্যদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে। হোটেল বুকিংয়ের বৈধতা, হাসপাতালের দূরত্ব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্পর্কে আগেই নিশ্চিত হতে হবে। এতে ভ্রমণকালে অপ্রত্যাশিত সমস্যায় পড়ার ঝুঁকি কমবে।
১৯ আগস্ট সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের পর স্থানীয় প্রশাসন দুর্ঘটনাপ্রবণ আবাসিক হোটেল ও রেস্তোরাঁগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তা বিধি ও নিয়মকানুন মেনে এসব হোটেল পুনরায় চালু হতে মাসাধিককাল সময় লাগতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এমন পরিস্থিতিতে কলকাতায় এসে আবাসনের সমস্যায় পড়া এড়াতে অগ্রিম হোটেল বুকিং নিশ্চিত না করে ভ্রমণ না করার জন্য বাংলাদেশি নাগরিকদের অনুরোধ করেছে ডেপুটি হাইকমিশন।
logo-1-1740906910.png)