Logo
×

Follow Us

ইউরোপ

যুক্তরাজ্যে প্রবাসী কর্মীদের নির্যাতন প্রতিরোধে বিশেষ সেবা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯

যুক্তরাজ্যে প্রবাসী কর্মীদের নির্যাতন প্রতিরোধে বিশেষ সেবা

যুক্তরাজ্যে আধুনিক দাসত্বের শিকার অভিবাসী কর্মীদের জন্য নতুন ভিসা নিয়ম চালু করেছে হোম অফিস। এর ফলে কেয়ার ওয়ার্কার, শেফ এবং অন্যান্য দক্ষ কর্মীরা যদি নিয়োগকর্তার দ্বারা নিগৃহীত হন, তবে তারা ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।

ব্রেক্সিট-পরবর্তী সময়ে ২০২১ সালে চালু হওয়া দক্ষ কর্মী ভিসা ব্যবস্থায় অভিবাসীদের ভিসা নির্দিষ্ট নিয়োগকর্তার সঙ্গে বাঁধা ছিল। চাকরি হারালে দ্রুত নতুন স্পন্সর না পেলে তাদের যুক্তরাজ্য ছাড়তে হতো। এতে অনেক নিয়োগকর্তা কর্মীদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে কম মজুরি, দীর্ঘ সময় কাজ করানো বা শূন্য ঘণ্টার চুক্তিতে বাধ্য করতেন।

৩ সেপ্টেম্বর থেকে এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। জাতীয় রেফারেল মেকানিজমের মাধ্যমে যদি কোনো কর্মীকে আধুনিক দাসত্বের শিকার হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়, তবে তারা অন্য নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারবেন।

সালভেশন আর্মির ডেপুটি ডিরেক্টর মেজর হিদার গ্রিনস্টেড বলেছেন, “ভুক্তভোগীদের অন্য নিয়োগকর্তার অধীনে কাজের সুযোগ দেওয়া তাদের নিরাপদে ও মর্যাদার সঙ্গে জীবন পুনর্গঠনে সহায়তা করবে।”

তবে ওয়ার্ক রাইটস সেন্টারের সিইও ড. ডোরা-অলিভিয়া ভিকল সতর্ক করে বলেছেন, পরিবর্তনটি কার্যকর হতে হলে আধুনিক দাসত্ব শনাক্তকরণ কাঠামো সহজলভ্য হতে হবে।

গত সপ্তাহে প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, রেকর্ড সংখ্যক নিয়োগকর্তার স্পন্সর লাইসেন্স বাতিল করা হয়েছে। লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে ৬ হাজার ৬০০ স্পন্সর লাইসেন্স বাতিল হয়েছে, যার মধ্যে গত এক বছরে ৪ হাজার ৪০০টি বাতিল হয়েছে।

আধুনিক দাসত্বের মধ্যে রয়েছে অমানবিক কাজ ও বসবাসের পরিবেশ, বেতন আটকে রাখা, প্রতারণা, ভয়ভীতি প্রদর্শন, হুমকি, সহিংসতা, চলাফেরায় নিয়ন্ত্রণ এবং পাসপোর্ট বাজেয়াপ্ত করা।

মাইগ্রেশন ও সিটিজেনশিপ মন্ত্রী জো হোয়াইট বলেছেন, “কোনো ভুক্তভোগীকে তার অভিবাসন অবস্থার কারণে শোষণকারী নিয়োগকর্তার সঙ্গে আটকে থাকতে হবে না। এই পরিবর্তন তাদের স্বাধীনতা দেবে এবং আমরা একই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছি।”

সরকার জানিয়েছে, অভিবাসন শ্বেতপত্রের মাধ্যমে স্পন্সরকৃত কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তন আরো সহজ করা হবে। ইউনিয়ন ও স্থানীয় কাউন্সিলগুলো ইতোমধ্যে নিজেদের উদ্যোগে সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। ইউনিসন কেয়ার ওয়ার্কারদের সঙ্গে কাজ করে একটি ‘মাইগ্রান্ট কেয়ার ওয়ার্কার্স চার্টার’ তৈরি করেছে।

গত বছর ১ লাখ ১১ হাজার দক্ষ কর্মী ভিসা দেওয়া হয়েছিল, যা ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ সংখ্যার তুলনায় ৭৬ শতাংশ কম। ২০২৫ সালের জুলাই থেকে নতুন কেয়ার ওয়ার্কার ভিসার আবেদন বন্ধ হওয়ায় এই সংখ্যা কমে গেছে।

Logo