যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার আর্থিক শর্ত বাড়ছে নভেম্বর থেকে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭
যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদনের সময় জীবনযাপনের খরচের প্রমাণ হিসেবে বাড়তি অর্থ দেখাতে হবে। হোম অফিস জানিয়েছে, ৩০ নভেম্বর ২০২৬ থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
লন্ডনে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ৯ মাসের জীবনযাপনের খরচ হিসেবে ১৪ হাজার ১৩০ পাউন্ড দেখাতে হবে। লন্ডনের বাইরে পড়াশোনা করলে প্রয়োজন হবে ১২ হাজার ৫৬ পাউন্ড ।
আগে এই পরিমাণ ছিল যথাক্রমে ১২ হাজার ৬ এবং ৯ হাজার ২০৭ পাউন্ড । অর্থাৎ লন্ডনে প্রায় ২ হাজার এবং অন্যান্য অঞ্চলে প্রায় ৩ হাজার পাউন্ড বাড়ানো হয়েছে।
এই পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় আর্থিক চাপ তৈরি করবে। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীরা যারা সীমিত বাজেটে যুক্তরাজ্যে পড়াশোনা করতে যান, তাদের জন্য এটি বাড়তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
ভিসা আবেদনকারীদের ব্যাংক স্টেটমেন্টে বাড়তি অর্থ দেখাতে হবে। যারা স্কলারশিপ বা স্পনসরশিপ পাচ্ছেন না, তাদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনা আরো ব্যয়বহুল হয়ে উঠবে।
যুক্তরাজ্য সরকার বলছে, জীবনযাপনের খরচ বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের জন্য আর্থিক শর্ত হালনাগাদ করা জরুরি। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি দৈনন্দিন ব্যয় নির্বাহে সমস্যায় পড়বেন না।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, এই পরিবর্তন যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে দিতে পারে। অনেক শিক্ষার্থী হয়তো কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের অন্যান্য দেশে পড়াশোনা করতে আগ্রহী হবেন। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল। ফলে ভর্তি কমে গেলে বিশ্ববিদ্যালয়গুলোর আয়ও কমতে পারে।
শিক্ষার্থীদের ভিসা আবেদনের সময় টিউশন ফি ছাড়াও জীবনযাপনের খরচের প্রমাণ দিতে হয়। নতুন নিয়ম অনুযায়ী, আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় ধরে এই অর্থ থাকতে হবে।
এ উদ্যোগের ফলে নভেম্বর ২০২৬ থেকে যুক্তরাজ্যে পড়াশোনা করতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন আরও কঠিন হয়ে যাচ্ছে। লন্ডনে পড়াশোনা করতে চাইলে ১৪ হাজার ১৩০ এবং লন্ডনের বাইরে ১২ হাজার ৫৬ পাউন্ড দেখাতে হবে। এতে দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যে পড়াশোনা আরো ব্যয়বহুল হয়ে উঠবে।
logo-1-1740906910.png)