Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

ফ্লোরিডায় মানব পাচারবিরোধী অভিযানে উদ্ধার ১৬৩ শিশু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

ফ্লোরিডায় মানব পাচারবিরোধী অভিযানে উদ্ধার ১৬৩ শিশু

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মানব পাচারবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ১৬৩ জন নিখোঁজ শিশু। মাত্র পাঁচ দিনের অভিযানে এ সাফল্য এসেছে, যা স্থানীয় কর্মকর্তারা ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন।

‘অপারেশন স্টেটওয়াইড শিল্ড’ নামে পরিচালিত এ অভিযানে দুই মাস বয়স থেকে শুরু করে ১৭ বছর বয়সী শিশুদের উদ্ধার করা হয়। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার জানান, “ফ্লোরিডা সবসময় নিখোঁজ শিশুদের খুঁজে বের করতে নেতৃত্ব দেবে, অপরাধীদের ধরবে এবং কঠোর শাস্তি নিশ্চিত করবে।”

অভিযানে বিভিন্ন অঞ্চলে শিশুদের উদ্ধার করা হয়— ট্যাম্পা বে এলাকায় ৪৬ জন, মায়ামিতে ৪১ জন, জ্যাকসনভিলে ৩২ জন, অরল্যান্ডোতে ২১ জন, ফোর্ট মায়ার্সে ১২ জন, পেনসাকোলায় ৮ জন এবং টালাহাসি এলাকায় ৩ জন। শুধু ফ্লোরিডাই নয়, আলাবামা, ক্যালিফোর্নিয়া, ওহাইও, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলাইনা, টেনেসি ও পুয়ের্তো রিকোতেও উদ্ধার অভিযান চালানো হয়। আন্তর্জাতিকভাবে কানাডা, ব্রাজিল, জ্যামাইকা, কলম্বিয়া, ডোমিনিকা, মেক্সিকো, তাইওয়ান, গুয়াতেমালা, ফিনল্যান্ড, স্পেন, ঘানা ও ইতালিতেও সফলতা আসে।

উদ্ধারকৃত শিশুদের ‘রিকভারি হাব’-এ নিয়ে যাওয়া হয়, যেখানে শিশু কল্যাণকর্মী, চিকিৎসক ও ভুক্তভোগী সহায়তাকারীরা তাদের সেবা দেন। অনেক শিশু আগে থেকেই নির্যাতন, অবহেলা ও মানব পাচারের শিকার হয়েছিল।

অভিযানে একাধিক গ্রেপ্তার হয়েছে। জ্যাকসনভিলের ৪২ বছর বয়সী মাইকেল প্রেসকট, কেপ কোরালের ২৯ বছর বয়সী রবার্ট অ্যালিসন এবং জ্যাকসনভিল বিচের ১৮ বছর বয়সী জেডেন হারউডকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিশু হেফাজতে হস্তক্ষেপ, অশ্লীল নির্যাতন এবং হামলার অভিযোগ আনা হয়েছে।

ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল’ এনফোর্সমেন্টের কমিশনার মার্ক গ্লাস বলেন, “অপারেশন স্টেটওয়াইড শিল্ড দেখিয়েছে সহযোগিতার শক্তি এবং শিশুদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য সব সংস্থার অটল প্রতিশ্রুতি।”

Logo