Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭

৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদানের ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছিল। এর আওতায় বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, পাকিস্তানসহ মোট ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা আবেদন স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছিল, অভিবাসীরা যেন সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে না পড়েন, সে বিষয়টি যাচাই-বাছাইয়ের জন্য এই নীতি কার্যকর করা হয়েছিল।

ম্যানহাটান ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গাস ২১ আগস্ট এক রায়ে বলেন, জানুয়ারিতে ঘোষিত নীতি ‘স্পষ্টতই বেআইনি’ এবং কেন্দ্রীয় অভিবাসন আইনের পরিপন্থী। তিনি উল্লেখ করেন, আবেদনকারীর জাতীয়তার ভিত্তিতে ঢালাওভাবে অভিবাসী ভিসা বন্ধ করা প্রচলিত আইনি কাঠামোর সরাসরি লঙ্ঘন। আদালত আরো জানায়, ভিসা প্রদানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কনস্যুলার কর্মকর্তাদের হাতে, পররাষ্ট্রমন্ত্রীর নয়।

স্থগিতাদেশ চলাকালে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দিতে ও সাক্ষাৎকারে অংশ নিতে পারতেন, তবে ভিসা ইস্যু করা হতো না। এখন স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে আবেদনকারীরা নিয়ম অনুযায়ী ভিসা আবেদন করতে পারবেন এবং প্রক্রিয়া সম্পন্ন হবে।

এই তালিকায় ছিল আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, ব্রাজিল, মিসর, ইরান, ইরাক, লিবিয়া, নাইজেরিয়া, সিরিয়া, ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ।

স্থগিতাদেশ আরোপের সময় যুক্তরাষ্ট্র বলেছিল, এসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়তে পারেন। স্থানীয়, অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা ব্যবহারের ঝুঁকি বেশি থাকায় এই নীতি কার্যকর করা হয়েছিল।

আদালতের রায়ের ফলে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসার পথ আবার উন্মুক্ত হলো। দীর্ঘদিনের স্থগিতাদেশে ভোগান্তি পোহানো আবেদনকারীরা এখন নিয়মিত প্রক্রিয়ায় ভিসা আবেদন করতে পারবেন। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সিদ্ধান্ত অভিবাসন নীতিতে একটি বড় পরিবর্তন আনবে এবং প্রবাসীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে।

Logo