Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

এইচ-ফোর ভিসাধারীদের কাজের অনুমতি বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫

এইচ-ফোর ভিসাধারীদের কাজের অনুমতি বাতিলের উদ্যোগ যুক্তরাষ্ট্রে

যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ান বি ভিসাধারী কর্মীদের স্বামী বা স্ত্রীর বৈধভাবে কাজ করার সুযোগ বাতিল করতে নতুন উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রস্তাবটি কার্যকর হলে হাজারো এইচ-ফোর ভিসাধারী তাদের চাকরি হারাতে পারেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রক কার্যসূচিতে প্রস্তাবটি অন্তর্ভুক্ত করেছে। তবে এখনো এটি চূড়ান্ত হয়নি। নিয়ম পরিবর্তন করতে হলে প্রথমে ফেডারেল রেজিস্ট্রারে আনুষ্ঠানিক নোটিশ প্রকাশ করতে হবে, এরপর জনমত নেওয়া হবে। সবশেষে চূড়ান্ত বিধি জারি হলে তবেই নতুন নিয়ম কার্যকর হতে পারে।

এইচ-৪ হলো একটি নন–ইমিগ্র্যান্ট ভিসা, যা এইচ-ওয়ান বি, এইচ-ওয়ান বি ওয়ান, এইচ-টু এ, এইচ-টু বি অথবা এইচ-থ্রি ভিসাধারীদের ওপর নির্ভরশীল স্বামী, স্ত্রী ও সন্তানদের দেওয়া হয়। এই ভিসা নিজে কোনো কর্মসংস্থানভিত্তিক ভিসা নয়। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে এইচ-ফোর ভিসাধারী স্বামী বা স্ত্রী আলাদা করে এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি) নিয়ে বৈধভাবে কাজ করতে পারেন। সাধারণত তাদের এইচ-ওয়ান বি ভিসাধারী সঙ্গীকে গ্রিন কার্ড প্রক্রিয়ার নির্দিষ্ট পর্যায়ে থাকতে হয়।

ডিএইচএস জানিয়েছে, নির্দিষ্ট কিছু এইচ-ফোর নির্ভরশীল স্বামী বা স্ত্রীকে কর্মসংস্থানের অনুমতি পাওয়ার যোগ্য শ্রেণি থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এর মাধ্যমে ২০১৫ সালের একটি চূড়ান্ত বিধি বাতিল করে আগের নীতি ফিরিয়ে আনা হবে, যেখানে এইচ-ফোর ভিসাধারীদের কাজের অনুমতি দেওয়া হতো না।

প্রস্তাবটি এখনো চূড়ান্ত না হওয়ায় বৈধ ইএডি থাকা এইচ-৪ ভিসাধারীরা বর্তমান নিয়ম অনুযায়ী কাজ চালিয়ে যেতে পারবেন। নিয়ম পরিবর্তন হলে তবেই তাঁদের কাজের অনুমতি বাতিল হবে।

এটি ট্রাম্প প্রশাসনের প্রথম উদ্যোগ নয়। ২০১৭ সালেও একই ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তা চূড়ান্ত হয়নি। ২০২১ সালে উদ্যোগটি প্রত্যাহার করা হয়। নতুন প্রস্তাবটি এসেছে এমন সময়ে, যখন এইচ-১বি ভিসা ব্যবস্থায়ও একাধিক পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ভারতীয় পরিবারগুলোর। কারণ, এইচ-ফোর ইএডি অনুমতিপত্রধারীদের বড় অংশই ভারতীয় নাগরিক। ২০১৪ থেকে ২০১৭ সালের তথ্য অনুযায়ী, অনুমোদিত আবেদনগুলোর ৯৩ শতাংশই পেয়েছিলেন ভারতীয়রা। এর মধ্যে ৯৪ শতাংশ ছিলেন নারী।

Logo