Logo
×

Follow Us

এশিয়া

যা থাকছে চীনের নতুন ভিসা-মুক্ত ভ্রমণনীতিতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪

যা থাকছে চীনের নতুন ভিসা-মুক্ত ভ্রমণনীতিতে

চীন বিদেশি নাগরিকদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুযোগ আরো সম্প্রসারিত করেছে। দেশটির জাতীয় ইমিগ্রেশন প্রশাসন ২০২৬ সালের শেষ পর্যন্ত কার্যকর থাকবে এমন একাধিক নীতি ঘোষণা করেছে, যার মাধ্যমে ব্যবসা, পর্যটন, পারিবারিক সফর ও ট্রানজিট উদ্দেশ্যে আগত বিদেশিরা নির্দিষ্ট সময়ের জন্য ভিসা ছাড়াই চীনে প্রবেশ করতে পারবেন।

সব আন্তর্জাতিক বিমান, সমুদ্র ও স্থলবন্দরেই এখন ২৪ ঘণ্টা পর্যন্ত ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা দেওয়া হচ্ছে। বিদেশি যাত্রীরা বৈধ আন্তর্জাতিক ভ্রমণ নথি ও নিশ্চিত onward টিকিট থাকলে চীনে সর্বোচ্চ একদিন অবস্থান করতে পারবেন। তবে নির্ধারিত বন্দর এলাকার বাইরে যেতে হলে অস্থায়ী প্রবেশ অনুমতি নিতে হবে।

২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাজ্যসহ ৫০টিরও বেশি দেশের নাগরিকরা ব্যবসা, পর্যটন বা পারিবারিক সফরে সর্বোচ্চ ৩০ দিন চীনে থাকতে পারবেন। ব্রুনেই নাগরিকদের জন্যও একই সুবিধা কার্যকর। এছাড়া রাশিয়ার নাগরিকরা ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের শেষ পর্যন্ত এই সুবিধা পাবেন।

চীনের ২৪টি প্রদেশের ৬০টি খোলা বন্দরে এখন ৫৫ দেশের নাগরিকরা ২৪০ ঘণ্টা (১০ দিন) পর্যন্ত ভিসা-মুক্ত ট্রানজিট সুবিধা পাচ্ছেন। তারা পর্যটন, ব্যবসা, পারিবারিক সফর বা বিনিময় কর্মসূচিতে অংশ নিতে পারবেন। ২০২৫ সালের জুন থেকে ইন্দোনেশিয়া এবং ২০২৬ সালের আগস্ট থেকে কিরগিজস্তান ও ভিয়েতনামের নাগরিকরাও এই সুবিধার আওতায় এসেছে।

চীনের হাইনান প্রদেশে ৬১ দেশের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই থাকতে পারবেন। এই তালিকায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতসহ ইউরোপ ও এশিয়ার দেশগুলো রয়েছে।

এছাড়া ক্রুজ জাহাজে আগত বিদেশি পর্যটক দল ১৩টি শহরের বন্দর দিয়ে চীনে প্রবেশ করতে পারবে এবং সর্বোচ্চ ১৫ দিন অবস্থান করতে পারবে। একইভাবে আসিয়ান (ASEAN) সদস্য দেশগুলোর পর্যটক দল ইউনান প্রদেশের শিসুয়াংবান্না ও গুয়াংসি প্রদেশের গুইলিনে ছয় দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারবে।

হংকং ও ম্যাকাও হয়ে গুয়াংডং প্রদেশে প্রবেশ করা বিদেশি পর্যটক দলও ছয় দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারবে। একই নিয়মে হাইনান প্রদেশেও প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে।

Logo