Logo
×

Follow Us

ইউরোপ

স্পেনের সঙ্গে সেনজেন স্থগিতাদেশ আরো ১৫ দিন বাড়াল ইতালি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭

স্পেনের সঙ্গে সেনজেন স্থগিতাদেশ আরো ১৫ দিন বাড়াল ইতালি

ইতালি সরকার স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি স্থগিতাদেশ আরো ১৫ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত মাসে মরক্কো থেকে অন্তত ৭২ হাজার অভিবাসী স্পেনের উত্তর আফ্রিকার ভূখণ্ড সেউটায় প্রবেশ করার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর পরিপ্রেক্ষিতে ইতালি সীমান্তে কঠোর নজরদারি চালু করে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমান ও সমুদ্রপথে স্পেন থেকে আগত যাত্রীদের ওপর সীমান্ত পরীক্ষা চালানো হবে। এই সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রী মাত্তেও পিয়ানতেদোসি স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাসকার সঙ্গে ফোনালাপে বিষয়টি ব্যাখ্যা করেছেন।

সেউটায় এখনো ৫ থেকে ১০ হাজার অনিয়মিত অভিবাসী অবস্থান করছে, যা স্থানীয়দের সঙ্গে উত্তেজনা বাড়াচ্ছে। পিয়ানতেদোসি বলেছেন, “সেউটার পরিস্থিতি মোটেও উন্নত হয়নি। আমরা শান্তভাবে মূল্যায়ন করব এবং ৩১ আগস্টে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”

ইতালি জানিয়েছে, এই সীমান্ত পরীক্ষা কেবল তৃতীয় দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য, ইতালীয়, স্প্যানিশ বা অন্যান্য ইউরোপীয় নাগরিকদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। তবে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মানুয়েল আলবারেস এই পদক্ষেপকে “অন্যায্য ও অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেছেন, ইতালির এই সিদ্ধান্ত মূলত নির্বাচনী উদ্দেশ্যপ্রণোদিত।

Logo