Logo
×

Follow Us

এশিয়া

রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ২৩:৩৯

রোহিঙ্গাদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম চূড়ান্ত করেছে দেশটির সরকার। প্রথম দফায় আগামী ২৯ সেপ্টেম্বর ১ হাজার ৪৭৬ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, মিয়ানমার সরকার ১৩ আগস্ট কূটনৈতিক নোটের মাধ্যমে প্রথম দফার প্রত্যাবাসনের জন্য নির্ধারিত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সমন্বয় সভায় তাদের ফেরত পাঠানোর তারিখ অনুমোদন করা হয়েছে। এ জন্য মিয়ানমার নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ও একটি হাসপাতাল জাহাজ ব্যবহার করা হবে।

প্রত্যাবাসন কার্যক্রমে মালয়েশিয়ার স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় নিরাপত্তা পরিষদের মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন হয়েছে। একই সঙ্গে শরণার্থী হিসেবে দাবি করা মিয়ানমারের নাগরিকদের নিবন্ধন কর্মসূচি চালু করা হয়েছে।

২০২৬ সালে মিয়ানমারের ৪ হাজার ৮ জন নাগরিককে ‘ডকুমেন্ট পেন্ডাফতারান পেলারিয়ান’ বা ডিপিপি শরণার্থী নিবন্ধন কর্মসূচির আওতায় নেওয়া হবে। নিবন্ধন সম্পন্ন করা ব্যক্তিদের ডিপিপি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা নির্ধারিত শর্তে সাময়িকভাবে মালয়েশিয়ায় অবস্থান করতে পারবেন।

গত ১৫ আগস্ট পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপোতে আটক ছিলেন মিয়ানমারের ১০ হাজার ৩৮৮ নাগরিক। তবে তাদের সবাইকে শরণার্থী হিসেবে গণ্য করা হবে না। ইমিগ্রেশন বিভাগ ও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ তাদের পরিচয়, নাগরিকত্ব, ইমিগ্রেশন অবস্থা, শরণার্থী দাবি এবং নিরাপত্তাসংক্রান্ত তথ্য যাচাই করছে। এই যাচাই কার্যক্রম চলতি বছরের চতুর্থ প্রান্তিকে শেষ হবে।

মালয়েশিয়া সরকার জানিয়েছে, যারা স্বেচ্ছায় নিজ দেশে ফিরতে সম্মত এবং প্রত্যাবাসনের উপযুক্ত, তাদের শনাক্ত করে মিয়ানমার সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে ফেরত পাঠানো হবে। একই সঙ্গে শরণার্থী ও আশ্রয়প্রার্থী হিসেবে দাবি করা ব্যক্তিদের তথ্য সংগ্রহ করে একটি পূর্ণাঙ্গ তথ্যভান্ডার তৈরি করা হবে।

মালয়েশিয়ায় থাকা শরণার্থীদের মধ্যে ৯৫ শতাংশের বেশি মিয়ানমার থেকে আসা। তাদের মধ্যে রোহিঙ্গা, চিন, কারেন ও মন জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। এ কারণে মিয়ানমারের সঙ্গে সরাসরি কূটনৈতিক আলোচনা আরো জোরদার করার কথা জানিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দুই দেশের সম্মতি ও সমন্বয়ের ভিত্তিতে নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পদ্ধতিতে প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হবে।

Logo