Logo
×

Follow Us

উত্তর আমেরিকা

সাইবার অপরাধ দমনে এফবিআইয়ের ‘অপারেশন রিপটাইড’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৫

সাইবার অপরাধ দমনে এফবিআইয়ের ‘অপারেশন রিপটাইড’

সাইবার অপরাধ দমনে ৬০ দিনের এক বিশেষ অভিযান পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ‘অপারেশন রিপটাইড’ নামে এই অভিযানে অসংখ্য গ্রেপ্তার, কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ এবং বিশ্বব্যাপী অপরাধী নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। এফবিআই জানিয়েছে, গত বছর সাইবার অপরাধে আমেরিকানরা প্রায় ২০ বিলিয়ন ডলার ক্ষতির শিকার হয়েছেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেছেন, “আমরা এই অপরাধী নেটওয়ার্ককে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আক্রমণাত্মকভাবে মোকাবিলা করেছি।” তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা এই অভিযানের সাফল্যের মূল কারণ।

অভিযানে রাশিয়ার প্রো-হ্যাকটিভিস্ট গ্রুপ Cyber Army of Russia Reborn-এর এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কম্বোডিয়াভিত্তিক Huione Group-এর সহযোগী প্রতিষ্ঠানের ক্লাউড অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, যা অবৈধ ক্রিপ্টোকারেন্সি লেনদেনে ব্যবহৃত হচ্ছিল।

গুগল ও ব্ল্যাক লোটাস ল্যাবসের সহযোগিতায় চীনের Outsider নামের একটি ফিশিং-অ্যাজ-এ-সার্ভিস প্ল্যাটফর্ম ধ্বংস করা হয়েছে। এই প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রসহ অন্তত ৫৪টি দেশের নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্য করে প্রতারণা চালাত।

অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকটি মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আটজনকে যুক্তরাষ্ট্রের সাপ্লাই চেইন নিরাপত্তায় প্রভাব ফেলানো আন্তর্জাতিক কার্গো চুরির মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। পাঁচজন ঘানার নাগরিককে অনলাইনে আমেরিকানদের লক্ষ্য করে রোমান্স প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। দুইজনকে ATM jackpotting স্কিমে অংশ নেওয়ার দায়ে ৬.৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা Ploutus malware ব্যবহার করে যুক্তরাষ্ট্রজুড়ে কোটি ডলার চুরি করেছিল। ব্যারি অগাস্টিনস্কি নামের একজনকে বহু বছরের VoIP ভিত্তিক প্রতারণা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে।

এফবিআইয়ের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক হেইথ জানকে বলেছেন, “আমরা দেশজুড়ে সমন্বিত আইন প্রয়োগ করেছি এবং বৈশ্বিক নেটওয়ার্কে চাপ সৃষ্টি করেছি। এর ফলে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে।”

এফবিআইয়ের সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লিদারম্যান বলেন, “সাইবার অপরাধীরা সীমান্ত, গোপনীয়তা ও ভাড়া করা অবকাঠামোর ওপর নির্ভর করে। কিন্তু এই অভিযানে আমরা তাদের সেই সুবিধা কেড়ে নিয়েছি।”

অবসরপ্রাপ্ত এফবিআই এজেন্ট স্কট অগেনবাম বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রতারকদের হাতিয়ার হয়ে উঠেছে। “আগে ইমেইলে ব্যাকরণগত ভুল থাকলে তা প্রতারণার লক্ষণ ধরা যেত। এখন আর তা সম্ভব নয়। প্রতারকরা ভুয়া ওয়েবসাইট, ভয়েস ক্লোনিংসহ নানা প্রযুক্তি ব্যবহার করছে।”

‘অপারেশন রিপটাইড’ সাইবার অপরাধ দমনে এফবিআইয়ের অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, প্রযুক্তি যত উন্নত হচ্ছে, প্রতারণার ধরনও তত জটিল হচ্ছে। তাই ভবিষ্যতে আরো কঠোর নজরদারি ও আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য হয়ে উঠবে।

Logo