বিদেশি শিক্ষার্থীরা শুধু অর্থ আনে না, হয়ে ওঠে সম্পর্কের সেতুবন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১০:১৩
যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় আর্থিক সংকট দেখা দিয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের অবদান শুধু অর্থনৈতিক নয়, বরং দীর্ঘমেয়াদি সম্পর্ক, আস্থা এবং বৈশ্বিক প্রভাব তৈরিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সম্প্রতি এমন সংবাদ প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে ব্রিটিশ কাউন্সিলের অন্তর্বর্তীকালীন শিক্ষা পরিচালক ক্যাটরিনা ম্যাকার্থি জানিয়েছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যের ক্যাম্পাসে বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। তারা শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করে এবং যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক ও প্রভাবকে শক্তিশালী করে।
তিনি বলেন, “যুক্তরাজ্যে পড়াশোনা করা শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার ও নেটওয়ার্কে সেই সম্পর্ক বহন করে নিয়ে যায়। পড়াশোনা শেষ হওয়ার পরও তারা যুক্তরাজ্যের সঙ্গে সংযোগ বজায় রাখে, যা আস্থা ও বোঝাপড়া বাড়ায়।”
অন্যদিকে গ্রাহাম থম্পসন বিশ্ববিদ্যালয় নেতৃত্বের ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন। তার মতে, বিশ্ববিদ্যালয়গুলো সব সময় বাইরের কারণকে দায়ী করে— কোভিড, জ্বালানি মূল্য, মুদ্রাস্ফীতি, স্থগিত ফি কিংবা ভিসা নীতি। কিন্তু নিজেদের কৌশলগত ব্যর্থতা নিয়ে তারা দায় স্বীকার করে না।
তিনি বলেন, “অতিরিক্ত আন্তর্জাতিক ফি আয়ের ওপর নির্ভরশীলতা ছিল স্পষ্ট। ২০১৭ সালের পর ফি স্বয়ংক্রিয়ভাবে বাড়বে না, এটা কি কোনো ভাইস চ্যান্সেলর বুঝতে পারেননি? এর ফলে আজ বিশ্ববিদ্যালয় কর্মীরা চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছেন।”
বিশ্ববিদ্যালয়গুলো বলছে, আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়ায় তাদের আয় ব্যাপকভাবে কমেছে। এর ফলে অনেক প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। তবে সমালোচকরা মনে করেন, নেতৃত্বের দুর্বলতা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবও এই সংকটের জন্য দায়ী।
logo-1-1740906910.png)