আশ্রয়প্রার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:০৬
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পর্যটক বা ব্যবসায়িক ভিসায় প্রবেশ করে পরে আশ্রয়ের আবেদন করা প্রায় দুই লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের কথা ভাবছে তারা। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় গণহারে ভিসা বাতিলের ঘটনা হতে পারে।
গত ১৮ মাসে যুক্তরাষ্ট্র প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে। এর পেছনে বিভিন্ন কারণ দেখানো হয়েছে—কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন, কেউ আবার মার্কিন নীতির প্রকাশ্য সমালোচনা করেছেন। বিশেষত মধ্যপ্রাচ্য নীতি নিয়ে সমালোচনা করাও অনেক ক্ষেত্রে ভিসা বাতিলের কারণ হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগোট জানিয়েছেন, যারা স্বল্পমেয়াদি দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে স্থায়ীভাবে আশ্রয়ের আবেদন করেছেন, তাদের অস্থায়ী ভিসা বাতিলের জন্য হোমল্যান্ড সিকিউরিটি দপ্তরের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, ‘‘সংখ্যা এখনো পরিবর্তন হতে পারে, তবে আমরা তাদের চিহ্নিত করছি”।
২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-ওয়ান ও বি-টু ভিসাধারীদের মধ্যে যারা আশ্রয়ের আবেদন করেছেন বা করছেন, তারা এই পদক্ষেপের আওতায় পড়বেন। বি-ওয়ান ও বি-টু ভিসা সাধারণত ব্যবসায়িক ভ্রমণ, পর্যটন, পারিবারিক সাক্ষাৎ বা চিকিৎসার জন্য দেওয়া হয়। কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা বাতিল হলেও তাদের তাৎক্ষণিকভাবে দেশ থেকে বের করা নাও হতে পারে। যাদের আবেদন বিচারাধীন, তাদের তালিকা পুনর্গঠন করা হবে।
মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘‘ভুয়া আশ্রয়ের দাবিতে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্ব অতিষ্ঠ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে অর্থহীন আশ্রয়ের আবেদনে মার্কিন অভিবাসন ব্যবস্থা জর্জরিত। ’মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এটি মানুষের মত প্রকাশের স্বাধীনতা ও ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘন করছে। তবে ট্রাম্প প্রশাসন বলছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতেই তারা এই পথ বেছে নিয়েছে।
logo-1-1740906910.png)